ধর্মকে বিদ্রূপকারী ব্লগারদের শাস্তি চান এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যারা ব্লগে ইসলাম ধর্ম নিয়ে কটাক্ষ করে, সেসব ব্লগারের শাস্তি দাবি করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, ‘আমি কোনো হত্যার পক্ষে নই। ব্লগারদের হত্যারও বিচার চাই। একই সঙ্গে যারা ব্লগে ধর্ম নিয়ে বিদ্রূপ করে তাদেরও শাস্তির দাবি করি।’
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এরশাদ এসব কথা বলেন।
এরশাদ বলেন, ধর্ম ও নবীজিকে নিয়ে কটাক্ষ করার অধিকার কারও নেই। প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, কারও ধর্ম নিয়ে কটাক্ষ করা যাবে না। কিন্তু যেসব ব্লগার হত্যার শিকার হয়েছে, তারা কি ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করেনি? তিনি বলেন, ব্লগার হত্যা আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করছে। অথচ আমাদের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার ছাত্র প্রতিনিয়ত খুন-গুম হলেও এ নিয়ে কারও মাথাব্যথা নেই। কারণ তাঁরা মুসলমান।
জঙ্গিবাদ প্রসঙ্গে আন্তর্জাতিক বিশ্বের সমালোচনা করে এরশাদ বলেন, ‘আপনাদের কথা না শুনলেই মনে হয় আমরা জঙ্গি। আজ জঙ্গি বলতেই মুসলমানদের বোঝানো হয়। আমরা কেন আজ জঙ্গি হলাম। আফগানিস্তানে শিশুসহ হাজার হাজার নিরীহ মানুষ হত্যা করলেন, এটা কি জঙ্গিবাদ নয়? তেলের জন্য ইরাককে ধ্বংস করে দিলেন, সাদ্দামকে হত্যা করলেন। তেলের জন্য লিবিয়াকে ধ্বংস করলেন, গাদ্দাফিকে হত্যা করলেন। সিরিয়ার মানুষ জীবন বাঁচাতে আশ্রয় চেয়েছিল, আশ্রয় দেননি। মুসলমানরা এর প্রতিবাদ-প্রতিরোধ করলেই এটাকে জঙ্গিবাদ বলে প্রচার করা হয়।