ধর্মীয় উগ্রপন্থাকে গুরুত্ব দিচ্ছে না আ.লীগ, বিএনপি
সাম্প্রতিক বিভিন্ন সন্ত্রাসী হামলায় দেশে ধর্মীয় উগ্রপন্থার যে নতুন মাত্রা উন্মোচিত হয়েছে, তা মোকাবিলার জন্য কোনো রাজনৈতিক উদ্যোগ নেওয়া হচ্ছে না। প্রধান দুই রাজনৈতিক দল এ বিষয়টিকে নিজেদের সুবিধামতো বক্তৃতা-বিবৃতিতে ব্যবহার করছে। আর সরকার একে আইনশৃঙ্খলাজনিত সমস্যা হিসেবে মোকাবিলা করার চেষ্টা করছে।
গত দুই মাসে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু ও ধর্মীয় উপধারা বা গোষ্ঠীর সদস্যদের ওপর অন্তত ১৪টি হামলা হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা এসবকে দেখছেন ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র’ হিসেবে। ক্ষেত্রবিশেষে বিএনপি-জামায়াতকে দোষারোপ করে প্রতিক্রিয়া দেখিয়েছেন তাঁরা। অন্যদিকে, বিএনপির নেতাদের মতে, ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পর দেশে মত প্রকাশের স্বাধীনতা ও স্বাভাবিক রাজনৈতিক চর্চার ক্ষেত্র সংকুচিত হয়ে পড়ায় উগ্রপন্থার উত্থান ঘটছে।
তবে সরকারি দলের দায়িত্বশীল একটি সূত্র জানায়, মুখে স্বীকার না করলেও একের পর এক হামলার ঘটনায় সরকারের ভেতরে উদ্বেগ আছে। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায় থেকে তদারকি এবং গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। দলীয় নেতা বা মন্ত্রীদের এ নিয়ে কথা বলতে বারণ করা হয়েছে।
আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা প্রথম আলোকে বলেন, সংসদের সর্বশেষ অধিবেশনে বিষয়টি নিয়ে আলোচনার সূত্রপাত করতে চেয়েছিলেন ১৪-দলীয় জোটের শরিক একটি দলের একজন নেতা। সরকারি দলের একাধিক সাংসদেরও আগ্রহ ছিল। কিন্তু উচ্চপর্যায় থেকে সায় না দেওয়ায় শেষ পর্যন্ত তা আর হয়নি।
সরকারের রাজনৈতিক অবস্থানের কারণে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারাও এ বিষয়ে গণমাধ্যমে কথা বলার ক্ষেত্রে বেশ সতর্ক।
এর মধ্যে মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নিজস্ব সাময়িকী দাবিক-এর সর্বশেষ সংস্করণে বাংলাদেশেও তাদের কার্যক্রম সম্প্রসারিত হয়েছে বলেও দাবি করা হয়। অবশ্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোরালোভাবে বলা হচ্ছে, এ দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। উগ্রপন্থীদের বিরুদ্ধে দেওয়া মামলায় হুটহাট ‘আইএস’ না লেখার জন্য সম্প্রতি পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানা গেছে। যদিও এর আগে ঢাকা মহানগর পুলিশ সন্ত্রাসবাদে জড়িত থাকার সন্দেহে বিভিন্নজনকে গ্রেপ্তার করে তাদের আইএসের সদস্য বা সমন্বয়ক উল্লেখ করে মামলা দিয়েছিল।
বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) মুনিরুজ্জামানের মতে, যেকোনো ধরনের সন্ত্রাসী হামলা, সেটা কোনো ছোট ধর্মীয় গোষ্ঠী বা অন্য যার ওপরই হোক না কেন, তা সার্বিক নিরাপত্তার জন্য হুমকি।
দীর্ঘদিন পর দেশে উগ্রপন্থী গোষ্ঠীর নতুন মাত্রায় হামলা শুরু হয় গত ৪ সেপ্টেম্বর। ওই দিন চট্টগ্রামে ল্যাংটা ফকির রহমতউল্লাহ ও তাঁর খাদেমকে জবাই করে হত্যা করা হয়। এরপর মাজার-খানকা বা তরিকতপন্থীদের ওপর পাঁচটি হামলা হয়েছে। ঢাকায় হোসেনি দালানে বোমা হামলাসহ শিয়া সম্প্রদায়ের ওপর আক্রমণ হয়েছে তিনটি। পাবনার ঈশ্বরদী, দিনাজপুর ও রংপুরে দুজন খ্রিষ্টান ধর্মযাজক, বাহাই সম্প্রদায়ের একজন পরিচালক ও ইস্কনের একজন নেতাকে জবাই ও গুলি করে হত্যার চেষ্টা করা হয়। হামলা হয়েছে দিনাজপুরের কান্তজিউ মন্দিরের পাশে রাসমেলা ও ইস্কন মন্দিরে। সর্বশেষ হামলা হয়েছে চুয়াডাঙ্গায় দরবার-এ সো-য়াদ শরিফের ওরস মাহফিলে।
এর বাইরে একই সময়ে ঢাকায় ও রংপুরে দুই বিদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। দুই বিদেশি হত্যাসহ ঢাকা ও বগুড়ায় শিয়া সম্প্রদায়ের ওপর দুটি হামলা, পুলিশ হত্যা, ঈশ্বরদী ও দিনাজপুরে দুই খ্রিষ্টান ধর্মযাজককে হত্যার চেষ্টার ঘটনাও আইএস ঘটিয়েছে বলে দাবি করে তারা। দেশি-বিদেশি গণমাধ্যমে এ খবর বের হলে সরকার তা প্রত্যাখ্যান করে। শুরুতে সরকারের উচ্চপর্যায় থেকে বলা হয়েছিল, দুই বিদেশি হত্যায় বিএনপি-জামায়াতের হাত থাকতে পারে।
অবশ্য এখন পুলিশ বলছে, ঢাকায় ইতালির নাগরিক সিজার তাবেলা ছাড়া বাকি ঘটনাগুলোতে জেএমবি জড়িত। তাবেলা হত্যায় বিএনপির নেতা কাইয়ুম ও তাঁর ভাইকে জড়িয়ে অভিযোগপত্র প্রস্তুত হচ্ছে বলে জানা গেছে।
দেশে এভাবে একের পর এক হামলার বিষয়ে আওয়ামী লীগের ভাবনা জানতে চাইলে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন প্রথম আলোকে বলেন, হামলার প্রকৃতি যা-ই হোক না কেন, এর উদ্দেশ্য হচ্ছে দেশ ও সরকারকে অস্থিতিশীল করা। তিনি বলেন, ধর্মান্ধদের ব্যবহার করা হলেও এর পেছনে অন্য শক্তি রয়েছে, যারা এর সুবিধাভোগী। এদের দমন করার শক্তি ও সামর্থ্য সরকারের আছে।
একই বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রথম আলোকেবলেন, শিয়া সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ের লোকজন বা বিদেশি নাগরিক হত্যা নিশ্চয়ই কোনো চক্রান্তের অংশ। সরকার এসব দমন করতে তো পারছেই না, ঘটনার পর প্রকৃত অপরাধীদেরও খুঁজে বের করছে না। বরং চট করে বিরোধী দলের ওপর দায় চাপাচ্ছে। এতে প্রকৃত অপরাধীরা আড়ালে চলে যাচ্ছে।
বিএনপির এই নেতার মতে, দেশে যখন গণতান্ত্রিক অধিকার থাকে না, সরকারের জনসমর্থন থাকে না, তখন সরকার দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে পারে না। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য সরকারকে প্রকৃত দোষী ব্যক্তিদের চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এ বিষয়ে ক্ষমতাসীন ১৪-দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ এই বিষয়টাকে দেখছে আইনশৃঙ্খলাজনিত সমস্যা হিসেবে, রাজনৈতিকভাবে দেখছে না। বিএনপি এ থেকে রাজনৈতিক সুবিধা নিতে চায়। আর জামায়াত ও জেএমবি পৃথক্করণ এখন মুশকিল হয়ে পড়েছে।
অবশ্য ধর্মীয় উগ্রপন্থীদের বিষয়ে প্রধান দুই রাজনৈতিক দলের উদাসীনতা নতুন নয়। এর আগে নব্বইয়ের দশকের শেষ দিকে হরকাতুল জিহাদের (হুজি) উত্থান ও বিভিন্ন স্থানে নাশকতার সময়ও মূল জায়গায় নজর না দিয়ে দুই দল পরস্পরকে দোষারোপ করে গেছে। ওই সুযোগে উগ্রপন্থীদের আরও বিস্তার ঘটে। এরপর বিএনপি-জামায়াতের জোট সরকারের আমলে জেএমবির উত্থান প্রাক্কালে তখনকার সরকার নির্বিকার ছিল। শুধু তা-ই নয়, ২০০৪ সালের এপ্রিল-মে মাসে বাংলা ভাইয়ের নেতৃত্বে জেএমবি রাজশাহী অঞ্চলের তিনটি উপজেলায় যে বিকল্প শাসন কায়েম করেছিল, তাতে ওই এলাকার বিএনপির একাধিক মন্ত্রী-সাংসদের সহযোগিতা ছিল বলেও অভিযোগ আছে। আর, জামায়াতে ইসলামীর আমির ও তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী তখন বলেছিলেন, বাংলা ভাই বলে কিছু নেই, এটা মিডিয়ার সৃষ্টি।
ওই সময় রাজশাহীতে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ফজলে হোসেন বাদশা। এখন নতুন করে উগ্রগোষ্ঠীর তৎপরতার বিষয়ে তাঁর পর্যবেক্ষণ হলো, সাম্প্রতিক হামলা ও নাশকতার পেছনে রাজনৈতিক ইন্ধন ও উদ্দেশ্য আছে। তারা বিশ্বকে দেখাতে চায় যে এ দেশে সাম্প্রদায়িক সম্প্রতি ভেঙে পড়েছে, এখানে সংঘাত চলছে। যাতে এ দেশের দীর্ঘদিনের অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চরিত্র প্রশ্নবিদ্ধ হয়। তাঁর মতে, এসব দমন করতে কোন দলের কে যুক্ত আছে, তা বিবেচনায় নিলে চলবে না।