ধর্মীয় গোষ্ঠীর ব্যাপারে সরকারের ভূমিকায় অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সময়ে হেফাজতে ইসলামের বিভিন্ন দাবি সরকার মেনে নেওয়ায় আওয়ামী লীগের প্রতি নিজেদের অসন্তোষের কথা জানিয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের চার বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁরা হেফাজতের দাবি মেনে পাঠ্যপুস্তকে পরিবর্তন ও পয়লা বৈশাখের অনুষ্ঠানে কড়াকড়ি আরোপের সমালোচনাও করেন।

গতকাল বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে চার বিশিষ্ট ব্যক্তি তাঁদের অবস্থান তুলে ধরেন। তাঁরা হলেন রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, গোলাম কুদ্দুছ ও হাসান আরিফ। এ বৈঠকে আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকার হেফাজতে ইসলাম বা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে কোনো আপস করেনি। দল হিসেবে আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনা লালন করে। সরকারেও এর বাইরে কিছু ভাবার সুযোগ নেই। তিনি সাংস্কৃতিক ব্যক্তিত্বদের আশ্বস্ত করেন যে আওয়ামী লীগ অসাম্প্রদায়িক ও প্রগতিশীল অবস্থানে অক্ষুণ্ন আছে, সরকার চালাতে গিয়ে কিছু ক্ষেত্রে কৌশলের আশ্রয় নিয়েছে।

 হেফাজতসহ ধর্মীয় গোষ্ঠীর বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের শক্ত অবস্থানের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ এ বৈঠকের আয়োজন করে বলে দলীয় সূত্র জানায়।

বৈঠক সূত্র জানায়, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলেছেন হেফাজতে ইসলামের হুমকির মুখে পুলিশ পয়লা বৈশাখের অনুষ্ঠান বিকেল পাঁচটা পর্যন্ত বেঁধে দেয়। এটা ভুল সিদ্ধান্ত ছিল। কারণ, হেফাজতের হুমকির জবাব দেওয়ার জন্য বড় আয়োজন দরকার ছিল। কিন্তু পুলিশের এ সিদ্ধান্ত তা হতে দেয়নি। মানুষ রাস্তায় নেমেছে। কিন্তু পর্যাপ্ত অনুষ্ঠান পায়নি।

এ বিষয়ে ওবায়দুল কাদের তাঁদের আশ্বাস দেন ভবিষ্যতে এমন পরিস্থিতি হবে না। সরকার বরং পয়লা বৈশাখের উৎসব পালনে সারা দেশে বরাদ্দ বাড়িয়েছে।

সুপ্রিম কোর্ট অঙ্গনের ভাস্কর্য সরানোর দাবির বিরোধিতা করে সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলেন, সরকার এটা করলে হেফাজতের বিজয় হবে। ভাস্কর্যের নান্দনিক সৌন্দর্যহানি হলে সরকার নিজ থেকে কৌশলে ব্যবস্থা নেবে। হেফাজতের হুমকির মুখে এটা অপসারণ করা ঠিক হবে না। পাঠ্যপুস্তকে পরিবর্তন কারা করেছে, তা তদন্ত করে আগের অবস্থানে ফিরিয়ে নিতে হবে।

এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এসব বিষয়ে প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছেন। আরও খোলাসা হবে আস্তে আস্তে। আর সরকার সারা দেশে পৌরসভায় ভাস্কর্য স্থাপন করছে।

বৈঠক সম্পর্কে জানতে চাইলে নাসির উদ্দীন ইউসুফ প্রথম আলোকে বলেন, ধর্মনিরপেক্ষতা, মুক্তিযুদ্ধের চেতনা, যুদ্ধাপরাধের বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ নিশ্চিত করার জন্য তাঁরা একটি চলমান আন্দোলনে আছেন। এতে আওয়ামী লীগকেও সর্বদা পাশে চেয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাঁদের আশ্বস্ত করেছেন। তিনি বলেন, এ বৈঠকে মনে হয়েছে আওয়ামী লীগের সঙ্গে তাঁদের আদর্শিক জায়গায় ভিন্নতা নেই। তবে কৌশলের জায়গায় ভিন্নতা আছে।

গোলাম কুদ্দুছু বলেন, তাঁরা তাঁদের অসাম্প্রদায়িক চিন্তার বিষয় তুলে ধরেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একমত হয়েছেন। ভুল-বোঝাবুঝি হলে বারবার একসঙ্গে বসার কথা বলেছেন ওবায়দুল কাদের।