ধানমন্ডিতে আ.লীগের নতুন কার্যালয় উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডিতে নতুন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করেছেন আওয়ামী লীগের নেতারা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন এই কার্যালয়ের উদ্বোধন করেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভেঙে বহুতল ভবন করা হচ্ছে। বর্তমানে দলের কার্যক্রম পরিচালিত হচ্ছে ধানমন্ডির ৩/এ সড়কে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে। ওই সড়কেই আরেকটি বাড়িতে দলীয় কার্যালয় করা হয়েছে। এটিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলবে বলে দলের নেতারা জানিয়েছেন।
এক দিনে বিএনপির তিন মেয়রকে সাময়িক বরখাস্তের কারণে সরকার বিব্রত কি না, উদ্বোধনী অনুষ্ঠানে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মেয়র বরখাস্তের ঘটনা ভাবমূর্তি ক্ষুণ্ন বা বিব্রত হওয়ার মতো কোনো ঘটনা নয়। আমি আগেও বলেছি বরখাস্তের ঘটনা প্রধানমন্ত্রী বা হাইকমান্ড জানতেন না। একটা মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত থাকতেই পারে, এটা সেই মন্ত্রণালয়ের ব্যাপার, তারাই এর জবাব দেবেন।’ তিনি বলেন, বিব্রত বা ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার কথা মনে হলে দল সামনে এগোবে না, দল পেছনেই থাকবে।
আগাম নির্বাচনের সম্ভাবনার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এই সংসদের মেয়াদ ২০১৯ সালের ১২ জানুয়ারি পর্যন্ত। এর পূর্ববর্তী অথবা পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। এটা সংবিধানেই বলা আছে।’ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বিষয়ে তিনি বলেন, ‘জয় শুরু হয়েছে নারায়ণগঞ্জ দিয়ে, কুমিল্লা দিয়ে নয়। কুমিল্লায় আমাদের প্রধান লক্ষ্য ছিল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, আমরা সেটা করতে পেরেছি। আমাদের দলে কিছু বিশৃঙ্খলা ছিল, সেগুলো সমাধানে আমরা কাজ করছি।’