ধামরাইয়ে আ.লীগের প্রার্থী চূড়ান্ত সাভারে দ্বিমত
পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বাছাই কমিটির সদস্যরা ঢাকার ধামরাইয়ের মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করলেও সাভারের প্রার্থীর বিষয়ে একমত হতে পারেননি। গতকাল রোববার অনুষ্ঠিত সভায় সাভারের প্রার্থী নিয়ে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার দ্বিমত করেন।
গতকাল সন্ধ্যায় ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহম্মেদ বলেন, ধামরাইয়ে দলীয় প্রার্থীর বিষয়ে বাছাই কমিটি একমত হলেও সাভারের বিষয়ে একজন দ্বিমত করেছেন। এ বিষয়টি উল্লেখ করেই কেন্দ্রে বাছাই কমিটির মতামত পাঠানো হবে। এরপর কেন্দ্র চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
দলীয় সূত্র জানায়, গতকাল রাজধানীর বনানীতে মেঘনা ব্যাংকের ভাইস চেয়ারম্যান আবদুল আলীম খানের কার্যালয়ে সাভার ও ধামরাই পৌরসভার জন্য আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের বৈঠক হয়। এতে সাভার ও ধামরাইয়ের সাংসদসহ জেলা, উপজেলা এবং পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও মেয়র পদে মনোনয়নপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন। দিনের প্রথম ভাগে ধামরাইয়ের প্রার্থী বাছাই নিয়ে আলোচনা হয়। এ পৌরসভা থেকে মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক সাহেব আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবীর মোল্লা ও বিএসটিআইয়ের সাবেক মহাপরিচালক দেওয়ান আফসার উদ্দিন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তাঁদের মধ্যে গোলাম কবীর মোল্লার বিষয়ে সবাই একমত পোষণ করেন।
বিষয়টিকে প্রহসন আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছেন ধামরাই থেকে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সাহেব আলী।
দলীয় সূত্র আরও জানায়, একই সভায় সাভার পৌরসভা নির্বাচনে স্থানীয় সাংসদসহ ছয়জন পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল গনির বিষয়ে একমত পোষণ করেন। তবে উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আলী হায়দার জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ উদ্দিন খানকে সমর্থন জানান। আশরাফ উদ্দিন খান বলেন, ‘আমি মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী।’