ধুনটে যুবলীগের কমিটি বিলুপ্ত
বগুড়ার ধুনটে সংগঠন বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে চিকাশি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উপজেলা যুবলীগের সভাপতি মতিউর রহমান বলেন, জিলানি হোসেনকে আহ্বায়ক করে চিকাশি ইউনিয়ন যুবলীগের কমিটি গঠনের পর থেকে তিনি সংগঠনবিরোধী কাজে লিপ্ত হয়ে পড়েন। এ ছাড়া ওই কমিটির যুগ্ম আহ্বায়ক সরকারি চাকরিতে যোগদান করায় সংগঠনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এ কারণে কমিটি বিলুপ্তি করা হয়েছে।
জিলানি হোসেন বলেন, ‘আমি সংগঠনবিরোধী কোনো কাজের সঙ্গে জড়িত নই। উপজেলা যুবলীগের সভাপতির কিছু কর্মকাণ্ডকে আমি সমর্থন করতে পারিনি। এ কারণে তিনি আমার ওপর ক্ষিপ্ত ছিলেন। এ ছাড়া তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় কেন্দ্রীয়ভাবে তাঁকেই দল থেকে বহিষ্কার করা হয়েছিল। কমিটি বিলুপ্তির ঘোষণার কোনো চিঠি আমাকে দেওয়া হয়নি এবং কোনো কারণ দর্শানোর নোটিশ করা হয়নি।’
উপজেলা যুবলীগ সূত্র জানায়, প্রায় এক বছর আগে জিলানি হোসেনকে আহ্বায়ক ও শাহাদত হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট চিকাশি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।