ধৈর্যের বাঁধ ভাঙলে কী হবে, কেউ জানে না : ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারকে স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে দিতে আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘গণতন্ত্রকে নিজস্ব পথে, নিজস্ব গতিতে চলতে দিন। মানুষকে কথা বলতে দিন। স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে দিন। অন্যথায় ধৈর্যের বাঁধ ভেঙে গেলে জনতার ঢেউ কোনো দিকে যাবে, কী হবে, তা আগাম কেউ বলতে পারে না।’

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এ হুঁশিয়ারি জানান। নয়াপল্টনে সমাবেশ করতে না দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘এ সরকার ক্ষমতায় আসার পর থেকে জনসভা করার নির্দিষ্ট যে জায়গুলো ছিল, তা ক্রমশ সংক্ষিপ্ত করে ফেলা হয়েছে। পল্টন, মুক্তাঙ্গন বন্ধ করে দেওয়া হয়েছে। দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, রাস্তায় সমাবেশ করা নিষিদ্ধ। তাহলে গণতান্ত্রিক দলগুলো জনমত সংগ্রহ করার জন্য, কথা বলার জন্য কোথায় যাবে?’

সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাঁকজমকপূর্ণ সম্মেলনে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘তারা তাদের জাতীয় সম্মেলন করল, খুব আনন্দের কথা। আপনারা সোহরাওয়ার্দী তো ব্যবহার করলেনই, সমগ্র ঢাকা শহরের বিদ্যুতের বাতি ব্যবহার করলেন, গেট-ব্যানার, পোস্টার, ফেস্টুন দিয়ে পুরো শহর বোঝাই করে ফেললেন। অর্থাৎ, আপনারা এ অধিকার পাবেন, অন্যরা পাবে না।’

সারা দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়ে বিএনপির করণীয় কী? এমন এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ হচ্ছে একটি নির্যাতনকারী, নিপীড়নকারী রাজনৈতিক দল। এরা ক্ষমতায় গেলেই তাদের সে ক্ষমতাকে পুরোপুরি নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করতে চায়। যার ফলে আজকে এ ধরনের ঘটনাগুলো ঘটছে। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা বলছেন, সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতনের শিকার। আমরা (বিএনপি) বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, আমাদের মতো নির্যাতের শিকার তো কেউ হয়নি। গত সাত বছরে ১ হাজার নেতা-কর্মী খুন হয়েছে, ৫০০ গুম হয়ে গেছেন। সেখানে বিএনপি বলেন, অন্যান্য রাজনৈতিক দল, সংখ্যালঘু কেউ বাদ পড়ছে না।’

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।