ধোবাউড়ায় আ.লীগ সভাপতির বিরুদ্ধে নেতাদের অনাস্থা
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির অধিকাংশ সদস্য। ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষ ও নেতা-কর্মীদের হয়রানি এবং দলীয় ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে তাঁর বিরুদ্ধে অনাস্থা দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিষয়টি নিশ্চিত করে জানান, ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান দীর্ঘদিন ধরে সভাপতির দায়িত্বে আছেন। তিনি পেশায় আইনজীবী হলেও আওয়ামী লীগের সভাপতি হওয়ার পর থেকে আইন ব্যবসা করছেন না। সাধারণ মানুষ এমনকি দলের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে পুলিশি হয়রানি করে আসছেন। এতে উপজেলা আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সাংসদ জুয়েল আরেংয়ের কাছে লিখিত অভিযোগ করে সভাপতিকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান।
এ বিষয়ে ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান আকন্দ বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ বানোয়াট। জেলা পরিষদ নির্বাচনে আমার ছেলে সাধারণ সদস্য পদে বিজয়ী হয়েছে। দলের একটা অংশ চেয়েছিল আমার ছেলে যেন নির্বাচন না করে। মূলত নির্বাচনে আমার ছেলের বিজয়ের কারণে ঈর্ষান্বিত হয়ে তারা অপপ্রচার চালাচ্ছে।’
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান বলেন, কার্যকরী কমিটির বেশির ভাগ সদস্যই ইতিমধ্যে অনাস্থা প্রস্তাবে সই করেছেন। আজ (বুধবার) বিকেলে দলের সাধারণ সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলম বলেন, ‘পুলিশ আওয়ামী লীগ সভাপতির হয়ে কখনো মানুষকে হয়রানি করেছে বলে আমার জানা নেই।’
এ বিষয়ে কথা বলার জন্য সাংসদ জুয়েল আরেংয়ের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।