ধ্বংসের অপচেষ্টা সহ্য করা হবে না: প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড দূর করতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘দেশকে যখন আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, তখন দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা সহ্য করা হবে না। ’
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক-২০১৫ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে পুরস্কার পাওয়া ব্যক্তি ও তাঁদের স্বজনদের হাতে একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, ‘রাজনীতিতে কেউ ভুল সিদ্ধান্ত নেবে, তার খেসারত বাংলাদেশের মানুষ দেবে? কারও নিজের ব্যর্থতার কারণে বাংলাদেশের মানুষকে এভাবে মরতে হবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। তাই সবার সহযোগিতা চাই, এ ধরনের দুর্বৃত্তদের হাত থেকে দেশকে যেন মুক্ত করতে পারি। ’ তিনি বলেন, ‘মানুষ সুন্দর জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছে। মানুষ ভালোভাবে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছে। তাদের স্বপ্নকে ভেঙে চুরমার করে দেওয়া, তাদের আগুনে পুড়িয়ে তাদের স্বপ্নকে পুড়িয়ে দেওয়া, এটা কোন ধরনের রাজনীতি? এটা কোনো আন্দোলন নয়। ’
শেখ হাসিনা বলেন, ‘একটা দুঃখের কথা। একজন মানুষ খুন করে। মানুষের জীবন দুর্বিষহ করে। আর একজন মানুষের সেবা করে। মানুষের জীবনে উন্নত করবার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিছু কিছু মানুষ আছে দোষ দেওয়ার সময় দুজনকে এক পাল্লায় মাপে। এ অবস্থা কেন? ’
আইসিসি ক্রিকেট বিশ্বকাপে আফগানিস্তানকে বাংলাদেশ ১০৫ রানে হারানোর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে দেশের ভেতর যখন এই অবস্থা, তখন মন খুলে খেলাধুলা করাও তো কঠিন। কিন্তু আমাদের টাইগাররা আজকে তাদের দেখিয়ে দিয়েছে। ’ তিনি বলেন, ‘একুশ আসলে ভিন্ন মাত্রা যোগ হয়। ভিন্ন ধরনের অনুভূতি আমরা পাই। একুশ আমাদের চেতনার অগ্নিশিখাকে প্রজ্বলিত করে। একুশ আমাদের শিখিয়েছে মাথা নত না করা। একুশ আমাদের ভাষা, সংস্কৃতি, আমাদের আত্মপরিচয়ের ঠিকানা। ’
এবারের একুশে পদক পাওয়া ব্যক্তিরা হলেন, ভাষা আন্দোলনে পিয়ারু সরদার (মরণোত্তর), মুক্তিযুদ্ধে প্রফেসর এম মুজিবুর রহমান দেবদাস, ভাষা ও সাহিত্যে প্রফেসর দ্বিজেন শর্মা ও মুহাম্মদ নুরুল হুদা, শিল্প ও সংস্কৃতিতে আবদুর রহমান বয়াতী (মরণোত্তর), এস এ আবুল হায়াত ও এ টি এম শামসুজ্জামান, শিক্ষায় প্রফেসর এম এ মান্নান ও সনৎ কুমার সাহা, গবেষণায় আবুল কালাম মুহাম্মদ জাকারিয়া, সাংবাদিকতায় কামাল লোহানী, গণমাধ্যমে ফরিদুর রেজা সাগর, সমাজসেবায় ঝর্নাধারা চৌধুরী, শ্রীমত সত্যপ্রিয় মহাথেরো ও অরূপ রতন চৌধুরী। প্রতিটি পদকের সঙ্গে রয়েছে এক লাখ টাকার একটি চেক, একটি ক্রেস্ট ও সম্মাননাপত্র।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্কৃতিসচিব রনজিৎ কুমার বিশ্বাস।