নওগাঁ আ.লীগের নতুন সভাপতি আবদুল মালেক সম্পাদক সাধন মজুমদার
নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সাংসদ মো. আবদুল মালেক সভাপতি ও সাংসদ সাধন চন্দ্র মজুমদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল বুধবার শহরের নওযোয়ান মাঠে আয়োজিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে সম্মেলনের প্রধান অতিথি দলের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ ঘোষণা দেন। পরবর্তী সময়ে নেতা-কর্মীদের সঙ্গে আলোচনাক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফজলে রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন পাট ও বস্ত্রমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, সাবেক মন্ত্রী ফারুক খান, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, জাতীয় সংসদের হুইপ মো. শহীদুজ্জামান সরকার, সাংসদ মো. ইসরাফিল আলম, সাংসদ মো. ছলিম উদ্দিন তরফদার, সাবেক সাংসদ শাহীন মনোয়ারা হক, সাবেক সাংসদ ওহিদুর রহমান, সাবেক মন্ত্রী আবদুল জলিলের ছেলে নিজাম উদ্দীন জলিল প্রমুখ।
প্রধান অতিথি মোহাম্মদ নাসিম বলেন, ক্ষুধা, দারিদ্র্য ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ়প্রত্যয় নিয়ে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে বেগম খালেদা জিয়া নতুন করে জামায়াত-শিবিরকে নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু করেছেন। একাত্তরের পরাজিত শক্তি জাতির জনককে সপরিবারে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চেয়েছিল। এখন খালেদা জিয়া জামায়াত-শিবিরকে নিয়ে চক্রান্ত করছেন।
মোহাম্মদ নাসিম বলেন, বেগম খালেদা জিয়া নির্বাচন চান। অবশ্যই নির্বাচন হবে। তবে ২০১৯ সালের এক দিনও আগে নির্বাচন হবে না। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।