নওগাঁ-বগুড়া বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে দ্বন্দ্বের জের ধরে তৃতীয় দিনের মতো গতকাল শুক্রবারও নওগাঁ-বগুড়া পথে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে নওগাঁ থেকে ঢাকা-চট্টগ্রামগামী দূরপাল্লার যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
নওগাঁয় হানিফ কাউন্টারের ব্যবস্থাপক আবুল বাশার বলেন, ‘নওগাঁ-বগুড়া পথে বাস চলাচল বন্ধ থাকায় ঢাকাগামী এই জেলার যাত্রীরা রাজশাহী হয়ে ঢাকায় যাচ্ছেন। আর যাঁরা নওগাঁ আসছেন, তাঁদের রাজশাহী হয়ে বাড়তি ভাড়া দিয়ে আসতে হচ্ছে। আমরা নিরুপায় হয়ে এই ভাড়া নিচ্ছি। কাউন্টারগুলোতে যাত্রীও কম হচ্ছে। এ অবস্থা চলায় আমাদের মতো খেটে খাওয়া মানুষের পেটে লাথি পড়ছে। যত তাড়াতাড়ি এ সমস্যার সমাধান হবে, আমাদের জন্য ততই মঙ্গল।’
গতকাল বিকেলে শহরের ঢাকা বাসস্ট্যান্ডে ঢাকাগামী যাত্রী ইউনিস আলী, আফজাল হোসেন, হাবিবুর রহমানসহ ছয়-সাতজনের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, ঢাকায় যাওয়ার জন্য তাঁরা জেলার বিভিন্ন উপজেলা থেকে নওগাঁ এসেছেন। কিন্তু এসে জানতে পারেন, নওগাঁ-বগুড়া পথে বাস চলাচল বন্ধ। ফলে তাঁদের আবারও একই পথ পাড়ি দিয়ে উল্টো দিকে রাজশাহী হয়ে ঘুরে ১০০ টাকা ভাড়া বেশি দিয়ে ঢাকায় যেতে হচ্ছে।
আবুল কাশেম নামের এক যাত্রী বলেন, ‘অফিসের কাজে ঢাকায় যাওয়া প্রয়োজন। কিন্তু জানতাম না যে নওগাঁ-বগুড়া রুটে বাস চলাচল বন্ধ। ধামইরহাট থেকে নওগাঁয় এসে শুনি, বাস বগুড়া হয়ে যাবে না। রাজশাহী-নাটোর হয়ে বাস ঢাকায় যাবে, সে জন্য ১০০ টাকা ভাড়া বেশি দিতে হবে। এখন বাধ্য হয়ে ৪০০ টাকার জায়গায় ৫০০ টাকা দিয়ে টিকিট নিতে হলো।’
নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়, মোটর শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বগুড়া ও নওগাঁ শ্রমিক ইউনিয়নের দুটি গাড়ি ‘শাহ ফতেহ আলী’ ব্যানারে সাপাহার থেকে নিয়মিত ঢাকায় চলাচল করার কথা। কিন্তু গত মঙ্গলবার নওগাঁর শ্রমিক ইউনিয়নের গাড়িটি ঢাকার মহাখালীতে আটকে দেয় শাহ ফতেহ আলী পরিবহন কর্তৃপক্ষ। পরে চুক্তি লঙ্ঘন করে তারা নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়নের বাসটি ওই রুট থেকে বাদ দিয়ে কেবল তাদের নিজস্ব বাস চালানোর সিদ্ধান্ত নেয়। শাহ ফতেহ আলী পরিবহনের মালিক বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক।
এ ব্যাপারে নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেন, বিষয়টি সমাধানের জন্য গত বৃহস্পতিবার বগুড়া ও নওগাঁ মোটর শ্রমিকনেতাদের নিয়ে আঞ্চলিক নেতারা আলোচনা করেছেন। দুই পক্ষই অনড় থাকায় সেই আলোচনা ফলপ্রসূ হয়নি। বিষয়টি নিয়ে শনিবার (আজ) আবার বসার কথা রয়েছে।
ওমর ফারুক আরও বলেন, নওগাঁ থেকে ঢাকাগামী সব বাস পথে আটকে দিচ্ছে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন। বাধ্য হয়ে বিকল্প পথে রাজশাহী হয়ে ঘুরে ঢাকায় যেতে হচ্ছে। নওগাঁ থেকে রাজশাহী-নাটোর হয়ে ঢাকায় যেতে প্রায় ১০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে হচ্ছে।
শাহ ফতেহ আলী পরিবহনের নওগাঁ শাখার মহাব্যবস্থাপক (জিএম) এস এম মতিউজ্জামান বলেন, ‘কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশন এ সমস্যা সমাধানের চেষ্টা করছে। আশা করছি শিগগিরই সমাধান হয়ে যাবে।’