নওগাঁয় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হয়েছেন। মসজিদের টাকার হিসাব-নিকাশ নিয়ে কুশুম্বা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত এক সদস্যের সঙ্গে সাবেক এক ইউপি সদস্যের বাগ্বিতণ্ডা হলে এ ঘটনা ঘটে।
ইউনিয়নের বড়বেলালদহ উত্তরপাড়া গ্রামে গত শুক্রবার মাগরিবের নামাজের পর এ ঘটনা ঘটে। এর জের ধরে গতকাল শনিবার সকালেও গ্রামের তিনটি বাড়ি ভাঙচুর করা হয়।
পুলিশ ও গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, শুক্রবার জুমার নামাজের পর মসজিদের হিসাব নিয়ে ইউপি সদস্য সাইফুল ইসলাম ও তাঁর ভাই করমত উল্লাহর সঙ্গে সাবেক ইউপি সদস্য আক্কাস আলীর বাগ্বিতণ্ডা হয়। তারাবির নামাজের জন্য গ্রামবাসী কত টাকা করে চাঁদা দেবেন, তা নিয়ে তাঁদের দ্বন্দ্ব বাধে। এর জের ধরে ওই দিন সন্ধ্যায় ইউপি সদস্য সাইফুল ইসলামের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল সংঘবদ্ধ হয়ে মাগরিবের নামাজে অংশ নেওয়া মানুষের ওপর হামলা করে।
পরে আক্কাস আলীর পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে সাইফুলের বাড়িতে ও তাঁর লোকজনের ওপর পাল্টা হামলা চালায়।