নওগাঁয় সরকারি দিঘি দখল করে স্থাপনা
নওগাঁ সদর উপজেলার রামরায়পুর গ্রামে একটি সরকারি দিঘির জায়গা দখল করে কিছু আধা পাকা ঘর ও ভবন নির্মাণ করা হয়েছে। গড়ে তোলা হচ্ছে আরও কিছু স্থাপনা। দিঘিটি দখলমুক্ত করতে স্থানীয় ৪৪ জন ব্যক্তি ১০ এপ্রিল অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কাছে লিখিত অভিযোগ দেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিঘির অবস্থান উপজেলার শৈলগাছি ইউনিয়নের রামরায়পুর গ্রামে কালীতলা-শৈলগাছি সড়কের পাশে দিঘির পাড় বাজার এলাকায়। ৬ দশমিক ৭৫ একর জলাবিশিষ্ট দিঘিটি সরকারি রেকর্ডভুক্ত সম্পত্তি। কয়েক বছর ধরে স্থানীয় কিছু প্রভাবশালী পুকুর পাড় ও জলা ভরাট করে আধা পাকা ঘর ও ভবন নির্মাণ করছেন। এর আগে ২০১২ সালে স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে এসব ঘর ও ভবন ভেঙে দেয়। সম্প্রতি প্রভাবশালী ব্যক্তিরা আবারও দিঘি দখল করে দোকানপাট ও ভবন গড়ে তুলেছেন। আরও কিছু স্থাপনা নির্মাণাধীন।
১১ এপ্রিল সরেজমিনে দেখা যায়, পশ্চিম পাশে দিঘির প্রায় ১০-১৫ হাত ভেতরে মাটি ভরাট করে আরও দুটি স্থাপনা নির্মাণের কাজ চলছে। পশ্চিম পাশে বিশাল অংশজুড়ে রাস্তাসংলগ্ন দিঘির জায়গা দখল করে বেশ কয়েকটি দোকান ঘর গড়ে তোলা হয়েছে।
স্থানীয় বাসিন্দা দুলাল হোসেন, তাজ কামরুল, বাবুল আখতার, সিরাজুল ইসলামসহ ১০-১২ জনের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক যুগ ধরে দৈনন্দিন কাজে এলাকাবাসী এ দিঘির পানি ব্যবহার করছেন। কিন্তু কয়েকজন প্রভাবশালী দিঘির জায়গা দখল করে স্থাপনা গড়ে তুলেছেন। এর বেশির ভাগই দোকান ঘর হিসেবে ভাড়া দেওয়া হয়েছে। স্থানীয় আদম আলী ও অজিত কুমারসহ ১৫-২০ জন এসব স্থাপনা গড়ে তুলেছেন।
আদম আলী বলেন, ‘আমি একা নই, এখানে আরও অনেকে প্রশাসনের অনুমতি ছাড়াই দিঘির জায়গায় দোকান ঘর তৈরি করেছে। প্রশাসন পদক্ষেপ নিলে শুধু আমারটা নয়, সবার স্থাপনাই ভাঙা পড়বে।’ অজিত কুমার বলেন, ‘দিঘির পাড়ে রাস্তার সঙ্গে লাগানো আমার একটি ছোট দোকান আছে। আমি তো অন্যের মতো দিঘি ভরাট করে বিল্ডিং করিনি। প্রায় ১০ বছর ধরে সেখানে আমার দোকান ভাড়া দেওয়া আছে। এত দিন যখন কিছু হয়নি, এবারও কিছু হবে না।’
দিঘিটি ২০১৬ সাল থেকে তিন বছরের জন্য ইজারা দেওয়া আছে রামরায়পুর গোলাপ মৎস্যজীবী সমবায় সমিতির নামে। সমিতির সভাপতি রমজান আলী বলেন, ‘বার্ষিক ৩৬ হাজার টাকার চুক্তিতে আমরা দিঘির ইজারা পেয়েছি। ৬ দশমিক ৭৫ একর বা প্রায় ২১ বিঘা জলার কথা বলে ইজারা নিলেও দিঘির অনেক জায়গা দখল হয়ে গেছে। এখন এটি ১৫ বিঘার বেশি হবে না। যেভাবে দিঘি দখল হয়ে যাচ্ছে, এটা থামানো না গেলে পুরো দিঘিই দখল হয়ে যাবে।’
শৈলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল গফুর মণ্ডল বলেন, ‘সরকারি জলাশয় ভরাট করে স্থাপনা নির্মাণকারী চক্রের (দখলদার ব্যক্তিরা) মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি—উভয় দলের লোক আছে। আমরা আশা করব, প্রশাসন অন্তত নিরপেক্ষ থেকে দিঘি দখলমুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেবে।’
জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমীরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সদর উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশনা দেওয়া হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অতিরিক্ত জেলা প্রশাসক স্যারের নির্দেশে ১১ এপ্রিল ঘটনাস্থলে যাই। সেখানে সার্ভেয়ার (জরিপকারী) দিয়ে দিঘির জায়গা পরিমাপ করে অন্তত ৩০-৩৫টি অবৈধ স্থাপনা পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়েছে।’