নকলায় লড়াই মামা-ভাগ্নের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নকলা পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়াই করছেন বিএনপি ও আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া মো. মোখলেছুর রহমান তারা ও মো. হাফিজুর রহমান লিটন। সম্পর্কে দুজন মামা-ভাগ্নে। গতকাল বৃহস্পতিবার তাঁরা নকলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

বিএনপির প্রার্থী মোখলেছুর রহমান নকলা পৌরসভার বর্তমান মেয়র এবং নকলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক। তাঁর ভাগ্নে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হাফিজুর রহমান নকলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নকলা হাজী মামুদ কলেজের প্রভাষক। তিনি ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।

মোখলেছুর রহমান ও হাফিজুর রহমান ছাড়াও এই পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন নূ-রে আলম সিদ্দিকী উত্পল, মো. শফিউল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক আকন্দ, আনোয়ারুল ইসলাম ও আমির উদ্দিন। এঁদের মধ্যে শফিউল বর্তমানে প্যানেল মেয়র। বাকিরা স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থক হিসেবে পরিচিত।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মেয়র পদে সাতজন প্রার্থী হলেও মামা আর ভাগ্নের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। আগামী ৩০ ডিসেম্বর ভোটে জয়ের মালা কে পরবেন সেটি দেখার জন্য অপেক্ষায় এখন পৌরবাসী।