নকশালদের সঙ্গেও আলোচনা হয়নি, এখনো হবে না: গণশিক্ষামন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, একাত্তরের পর নকশালরা এলাকায় মানুষ হত্যাসহ বিভিন্ন ধরনের নাশকতা চালাত। সে সময় সরকার নকশালদের সঙ্গে আলোচনা করেনি। এখন যারা আগুন দিয়ে নিরীহ মানুষকে হত্যা করছে, নাশকতা করছে, তাদের সঙ্গেও সরকার কোনো আলোচনা করবে না।
আজ রোববার দুপুরে দিনাজপুরে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে অগ্নিনির্বাপণ মহড়া উপলক্ষে ওই সভার আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, নাশকতাকারীদের বিষয়ে সাধারণ মানুষের মত হলো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উচিত ঘটনাস্থলেই তাদের গুলি করে মেরে ফেলা। আর ব্যবসায়ী নেতারাও আইন করে হরতাল-অবরোধ বন্ধ করার দাবি তুলেছেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজুর রহমান, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল হ্লা হেন মং, জেলা প্রশাসক শামীম আল রাজী, পুলিশ সুপার রুহুল আমিন প্রমুখ।
মতবিনিময় সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফুলবাড়ী ইউনিটের সহযোগিতায় ঘণ্টাব্যাপী অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।