নগর ছাত্রলীগের দুপক্ষে ধাক্কাধাক্কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে আজ শনিবার চট্টগ্রাম নগর ছাত্রলীগের দুটি পক্ষ নিজেদের মধ্যে ধাক্কাধাক্কিতে লিপ্ত হয়েছে বলে জানা গেছে। আজ দুপুরে নগরের দামপাড়ায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নিচে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর ও যুগ্ম সম্পাদক গোলাম সামদানিপক্ষের মধ্যে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষা উপমন্ত্রী বিশ্বিবদ্যালয়ে একটি সভায় যোগ দেন। সভা শেষে দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার সময় ছাত্রলীগের দুটি পক্ষ নিজেদের মধ্যে বিবাদে জড়ায়। এ সময় গোলাম সামদানিকে এমইএস কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছের নেতৃত্বে কয়েকজন ধাক্কা দেন বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদ করলে পাশে থাকা নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর আবার ধাক্কা দেন বলে জানান গোলাম সামদানি।

গোলাম সামদানি প্রথম আলোকে বলেন, ‘নওফেল ভাই চলে যাওয়ার সময় ইলিয়াছ ও তাঁর সমর্থকেরা আমাকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন। এরপর দস্তগীর আবার ধাক্কা দেন।

তাঁরা আমাকে মারতে চাইলে মহসিন কলেজ ও চট্টগ্রাম কলেজের ছাত্রলীগের ছেলেরা এবং পুলিশ আমাকে রক্ষা করে।’ তিনি আরও বলেন, ‘নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের একতরফা কমিটি গড়া নিয়ে আমরা কেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছি। এ কারণে দস্তগীর আজ এই ঘটনা ঘটিয়েছেন।’

এ বিষয়ে জানতে চাইলে জাকারিয়া দস্তগীরের বক্তব্য পাওয়া যায়নি।

উপমন্ত্রী চলে যাওয়ার পরও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। এ সময় পুলিশ দুই পক্ষকে শান্ত করে ঘটনাস্থল থেকে বের করে দেয়।

জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান প্রথম আলোকে বলেন, গোলাম সামদানি ও জাকারিয়ার মধ্যে একটু ধাক্কাধাক্কি হয়েছে। পরে দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে।