
দ্বিতীয় দফায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নিলেন সেলিনা হায়াৎ আইভী। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগে জনতার উদ্দেশে তিনি বলেন, ‘আমি আইভী আওয়ামী লীগের কর্মী, শেখ হাসিনার কর্মী। কোনো দিন আওয়ামী লীগের সঙ্গে বেইমানি করব না। বেইমানি করব না নারায়ণগঞ্জবাসীর সঙ্গেও। দলমতের ঊর্ধ্বে উঠে নগরবাসীর সেবা করব। নগর ভবন হবে টেন্ডারবাজমুক্ত ও দখলদারমুক্ত।’
নগরের দেওভোগের পৈতৃক বাড়ি থেকে হেঁটে সকাল সাড়ে ১০টার দিকে নগর ভবনে যান আইভী। এ সময় তাঁর সঙ্গে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী ও বিশিষ্ট নাগরিকেরা ছিলেন। নগর ভবনে যাওয়ার সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নগর ভবনে মেয়রকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান হাবিবসহ কর্মকর্তা ও কর্মচারীরা লাল গোলাপের তোড়া দিয়ে স্বাগত জানান। তাঁর সঙ্গে গতকাল দায়িত্ব বুঝে নেন সিটি করপোরেশনের নবনির্বাচিত ২৭ কাউন্সিলর ও ৯ সংরক্ষিত নারী কাউন্সিলরও।
নগর ভবনের সামনে সমবেত জনতার উদ্দেশে আইভী বলেন, ‘আমি জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে থাকতে চাই, সেবা করতে চাই।’ তিনি আরও বলেন, ‘আপনারা দেখেছেন, এই জিমখানা লেক করতে গিয়ে আমাকে কত হেনস্তার শিকার হতে হয়েছে। আমরা এই লেক করবই করব। আমরা বাবুরাইল খালকে দখলমুক্ত করে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সঙ্গে উন্মুক্ত করে দেব। শীতলক্ষ্যা সেতু করব ইনশা আল্লাহ।’