নগর ভবন হবে সেবাকেন্দ্র: সাঈদ খোকন
ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে চড়ে নগর ভবনে গেলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সাঈদ খোকন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বঙ্গবাজার থেকে ঘোড়ার গাড়িতে চড়ে গুলিস্তানে অবস্থিত নগর ভবনে যান তিনি। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
মেয়র হিসেবে কার্যক্রম শুরুর প্রথম দিনের শুরুতে সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তাদের সঙ্গে নগর ভবন মিলনায়তনে মতবিনিময় করেন সাঈদ খোকন। সেখানে তিনি বলেন, ‘নগরপিতা নয়, নগরের সন্তান হিসেবে যেন নগরবাসী আমাকে দেখেন। আমি একটি নিষ্কলুষ শহর গড়ে তুলতে চাই। এ জন্য নগরবাসীর সহযোগিতা চাই।’ তিনি বলেন, ‘ঢাকাবাসীর সমস্যা সমাধানে আমরা সবাই দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমরা এখানে দলীয় দৃষ্টিকোণ থেকে দেখতে চাই না। এই নগর ভবন হবে নগরবাসীর সেবাকেন্দ্র। এখানে সেবার মধ্য দিয়ে মানুষের খেদমত করতে চাই।’
মতবিনিময়ের পর বেলা সোয়া ১১টার দিকে নগর ভবনে মেয়র হিসেবে নিজ কার্যালয়ে গিয়ে বসেন সাঈদ খোকন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার পিতা (মোহাম্মদ হানিফ) ঢাকার মেয়র ছিলেন। নগরবাসী আমার মাঝে তাঁর প্রতিচ্ছবি খুঁজে পেয়ে নগরের খেদমত করার দায়িত্ব দিয়েছেন। তিনি মানুষের জন্য অনেক কাজ করে গেছেন। আজকে আমার সময় এসেছে। এই শহরের মানুষের জন্য জীবন উৎসর্গ করব।’ পরে নিজ কার্যালয়ে প্রথম কর্মদিবসে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করেন সাঈদ খোকন।
সিটি করপোরেশনের ৫০০ কোটি টাকার বাজেট ঘাটতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নবনির্বাচিত এই মেয়র বলেন, ‘আমিও এটা শুনেছি। সরকারের উচ্চপর্যায়ে কথা বলব। কীভাবে এটা কাভার করা যায়। খুব অল্প সময়ের মধ্যে আমি সরকারের উচ্চপর্যায়ে কথা বলব।’ ‘ঢাকা ডায়ালগ’ হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে সর্বস্তরের জনগণকে নিয়ে ঢাকা ডায়ালগ হবে। ঢাকার সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনা করব।’
নির্বাচনের আগে সাঈদ খোকন বলেছিলেন, নির্বাচিত হলে তিনি ঢাকা ডায়ালগ করবেন। গত ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত তিন মেয়র ঢাকা উত্তরের আনিসুল হক, দক্ষিণের সাঈদ খোকন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের আ জ ম নাছির উদ্দিন এবং কাউন্সিলররা গত বুধবার শপথ নেন।