নগরকান্দায় আ.লীগের তিন নেতা বহিষ্কার
ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ থেকে তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। গত শুক্রবার রাতে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পাশের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রসুলপুর গ্রামের হামিদ মঞ্জিলে জাতীয় সংসদের উপনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর বাড়িতে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর চৌধুরী এ সভায় সভাপতিত্ব করেন।
সভায় সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকায় নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন মিয়া, সহপ্রচার সম্পাদক নাজমুল হোসেন ও কার্যনির্বাহী কমিটির সদস্য আবু শহীদ মিয়াকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।
ওই সভায় বক্তব্য দেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান প্রমুখ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, দলের আচরণবিধি লঙ্ঘন, দুর্নীতি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের কাজ না করা, অন্য দলের সঙ্গে সম্পর্ক রাখা এবং দলের নাম ভাঙিয়ে সুযোগ-সুবিধা গ্রহণের অভিযোগে ওই তিনজনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় আওয়ামী লীগকে চিঠি দিয়ে জানানো হবে।
নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আবু শহীদ মিয়া বলেন, দল থেকে বহিষ্কারের বিষয়টি তিনি জানেন না।
যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন মিয়া মুঠোফোনে বলেন, ‘আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে—সে বিষয়ে আমি কিছু জানি না। তবে আমি বিষয়টি সম্পর্কে জেনে-বুঝে পরে সিদ্ধান্ত গ্রহণ করব।’