
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে সরকারের দুটি গোয়েন্দা সংস্থা। অবশ্য এই পরিস্থিতি মেয়র প্রার্থীদের কারণে নয়, সাধারণ কাউন্সিলর প্রার্থীদের কারণে হতে পারে বলে গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে।
সিটি নির্বাচনের ১৭৪টি ভোটকেন্দ্রের মধ্যে ১৩৭টি কেন্দ্রকে কখনো স্পর্শকাতর, আবার কখনো ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলে উল্লেখ করা হয়েছে। সংঘাতময় পরিস্থিতি এড়াতে এই কেন্দ্রগুলো ও প্রার্থীদের দিকে বিশেষ গুরুত্ব দিতে নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, দুটি গোয়েন্দা সংস্থার তথ্যে অন্তত ১৬টি ওয়ার্ডের ১৬ জন কাউন্সিলর প্রার্থীর দিকে বিশেষ নজর রাখার কথা বলা হয়েছে। তাঁদের মধ্যে ১৩ জন সরকারদলীয়, দুজন বিএনপির এবং একজন জাতীয় পার্টির স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত বলে উল্লেখ করা হয়েছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী প্রথম আলোকে বলেন, ‘আমি চাই নির্বাচন সুষ্ঠু হোক। এ জন্য কমিশন সব ধরনের ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা করি। নির্বাচন নিয়ে প্রার্থী বা কেউ যেন কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারে, সে জন্য সব পক্ষকেই নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। ইসি ও পুলিশ সক্রিয় থাকলে কারও ক্ষমতা নেই কোনো কলকাঠি নাড়ায়।’
নির্বাচন কমিশন নারায়ণগঞ্জের ১৭৪টি ভোটকেন্দ্রের সবগুলোকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে উল্লেখ করেছে। অবশ্য কমিশন ঝুঁকিপূর্ণ শব্দের পরিবর্তে ‘গুরুত্বপূর্ণ’ বলে থাকে। এদিকে নির্বাচন কমিশনের পরিপত্রে আজ সোমবার রাত ১২টার মধ্যে নারায়ণগঞ্জে যাঁরা ভোটার নন তাঁদের এবং বহিরাগতদের এলাকা ছাড়তে বলা হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার গতকাল রোববার প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষে প্রথম আলোকে বলেন, গোয়েন্দা প্রতিবেদনের কারণে ১৩৭টি কেন্দ্রের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই কেন্দ্রগুলোর জন্য স্ট্রাইকিং ফোর্স থাকবে। তা ছাড়া ভোটের আগের দিন রাত থেকে প্রিসাইডিং কর্মকর্তাকে নিজ নিজ কেন্দ্রে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, কমিশন সিদ্ধিরগঞ্জের ভোটকেন্দ্রগুলোর দিকে বিশেষভাবে নজর দিচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন (জেলা বিশেষ শাখা) বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন আছে। এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা বা বিশৃঙ্খলা হয়নি। নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনী কাজ করছে। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাই ভোটের দিন কেউ কিছু করতে পারবে বলে মনে হয় না।’ তবে প্রতিবেদনের বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন।
পুলিশ ও গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, ওই ১৬ জন প্রার্থী হলেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আওয়ামী লীগের নেতা হাজি মো. আনোয়ারুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডের বিএনপির নেতা ইকবাল হোসেন, ৩ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ ছাত্রলীগের আহ্বায়ক ও সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাতিজা শাহজালাল বাদল, ৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের নজরুল ইসলাম (ছোট নজরুল), ৫ নম্বর ওয়ার্ডের শফিকুল ইসলাম বাবুল, ৬ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান (মতি), ৭ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন (আলা), ৮ নম্বর ওয়ার্ডের যুবলীগের নেতা মহসিন ভূঁইয়া, ১০ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা ইফতেখার আলম, ১১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা ওমর খৈয়াম (চঞ্চল), ১২ নম্বর ওয়ার্ডের বিএনপির নেতা শওকত হোসেন (শকু), ১৪ নম্বর ওয়ার্ডের জাতীয় পার্টির নেতা শফিউদ্দিন প্রধান, ১৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের নাজমুল আলম, ১৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের আবদুল করিম (ডিশ বাবু), ১৮ ওয়ার্ডের মহানগর শ্রমিক লীগের সদস্যসচিব কামরুল হাসান এবং ২৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী আওয়ামী লীগের নেতা সাইফুদ্দিন আহমেদ প্রধান (দুলাল প্রধান)।
টেলিফোনে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইকবাল হোসেন, শাহজালাল বাদল, মতিউর রহমান, কামরুল হাসান, নজরুল ইসলাম, শওকত হোসেন প্রথম আলোকে বলেছেন, তাঁদের বিরুদ্ধে মামলা থাকা নিয়ে অনেকে অনেক কথা বলছেন। কিন্তু এই মামলাগুলো রাজনৈতিক। প্রতিপক্ষের করা। এখন পর্যন্ত তাঁদের ওয়ার্ডে কোনো সমস্যা হয়নি। ভোটের দিনও হবে না।
বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান বলেন, বিএনপি প্রথম থেকে ক্ষমতাসীনদের প্রভাব বিস্তারের কথা বলে আসছে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো হলেও শেষ মুহূর্ত পর্যন্ত থাকবে কি না, তা নিয়ে সংশয়ের কারণ আছে। এ ব্যাপারে কোনো আশঙ্কা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে বলা হলে তা গুরুত্বের সঙ্গে নিয়ে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া দরকার।
সম্প্রতি নারায়ণগঞ্জে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় ব্যবসায়ী, নাগরিক সমাজ, সাংবাদিকসহ বিভিন্ন পেশার লোকজন কাউন্সিলর প্রার্থীদের কারণে নির্বাচনের পরিবেশ খারাপ হতে পারে বলে মন্তব্য করেন।