নতুন ইসি 'হাসিনার নির্বাচনী প্রকল্প': আমির খসরু
কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নব নিযুক্ত নির্বাচন কমিশন ‘শেখ হাসিনার নির্বাচনী প্রকল্প’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই নির্বাচনী প্রকল্পের কাজ হলো বাংলাদেশের জনগণকে বাইরে রেখে ফের ক্ষমতা দখল করা।
‘নির্বাচন কমিশন শক্তিশালীকরণ ও নির্বাচন সহায়ক সরকার’ গঠনের লক্ষ্যে বরিশালে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ মন্তব্য করেন। আজ রোববার বিকেলে বরিশাল নগরের সদর রোডের বিডিএস মিলনায়তনে বরিশাল সম্মিলিত পেশাজীবী পরিষদের ব্যানারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটা কোনো নির্বাচন কমিশন নয়। এটা একটা দলীয় সিদ্ধান্তে রাষ্ট্রপতির মাধ্যমে ঘোষিত জাতীয় কমিটি করা হয়েছে। এটা আওয়ামী কমিটি, এটাকে নির্বাচন কমিশন বলা যায় না। তিনি বলেন, আজ বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং আইনের শাসন ধ্বংস হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতাও ধ্বংস হয়েছে। বাক স্বাধীনতা ধ্বংস হয়েছে। বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা এখন শেখ হাসিনা এবং তার দলের ওপর নির্ভরশীল।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, পেশির জোরে, র্যাব-পুলিশের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা চালাতে গিয়ে তারা নিজেদের দলটাকে (আওয়ামী লীগ) ধ্বংস করে ফেলেছে। বাংলাদেশে আওয়ামী লীগ বলতে কোনো দল এখন আর নেই। শেখ হাসিনা রাজনৈতিকভাবে যেভাবে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে, ঠিক সেভাবে তার নিজের দলকেও পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে আর কোনো দিন কাজ করতে পারবে না।
বিএনপি আগামী নির্বাচনে আসবে—আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না, এটা এই মুহূর্তের ইস্যু নয়। এখন তো কোনো নির্বাচনী তফশিল ঘোষিত হয়নি। তারা বারবার এই প্রশ্ন তুলছেন কেন, সেটাও গভীরভাবে উপলব্ধি করতে হবে। সারা দেশের মানুষের প্রশ্ন আগামী নির্বাচন নিরপেক্ষ হবে কি না, মানুষ ভোট দিতে পারবে কি না, দেশে নির্বাচিত সরকার হবে কি না, একটি বৈধ সরকার দেশ পরিচালনা করবে কি করবে না, একটি বৈধ সংসদ আইন প্রণয়ন করবে কি করবে না। এই প্রশ্নগুলো মানুষের মনে জাগ্রত হয়েছে।
বরিশাল সম্মিলিত পেশাজীবী পরিষদের জেলা আহ্বায়ক শেরে-ই বাংলা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ আজিজ রহিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক মেয়র জিবর রহমান সরোয়ার। মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কৃষিবিদ মামুন-অর রশিদ, ব্রজমোহন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আলী নেছার ও অধ্যাপক আবদুল কাদের, শেরে-ই বাংলা মেডিকেলে কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আমিনুল হক, ক্যাপ্টেন (অব) সিরাজুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলী আহম্মেদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মেজবাউদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন প্রমুখ।