নতুন ইসিও রক্তাক্ত পথে হাঁটছে: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, নতুন নির্বাচন কমিশনও (ইসি) রক্তাক্ত পথে হাঁটতে শুরু করেছে। আগের কমিশনের মতো এরাও ‘চোখ থাকিতে অন্ধ’।
গতকাল সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে রিজভী এই অভিযোগ করেন।
রিজভী অভিযোগ করেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে যে বড় বড় বুলি ঝেড়েছেন তা বাস্তবায়নের সম্পূর্ণ উল্টো চিত্রই দেখা যাচ্ছে। সিলেটের ওসমানী নগর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়া আগামী ৬ মার্চ অনুষ্ঠেয় কয়েকটি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কলাপাড়া, পাবনাসহ বিভিন্ন জায়গায় বিএনপির প্রার্থীদের প্রচারণায় ভাঙচুর, হামলা চালানো হচ্ছে। স্থানীয় নির্বাচন কমিশন কার্যালয়গুলোতে এসব বিষয় নিয়ে অভিযোগ করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।
রিজভী বলেন, ‘বর্তমান সিইসির ক্ষমতাসীনদের সাথে কানেকশন সম্পর্কে আমরা যা বলেছি তা অক্ষরে অক্ষরে ফলতে শুরু করেছে। সুতরাং পরবর্তী জাতীয় নির্বাচনে যে আওয়ামী লীগের সাথে সিইসির মধুর কানেকশনের প্রতিফলন ঘটবে, তা বলার অপেক্ষা রাখে না।’