নতুন কমিটি করায় প্রতিবাদ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সদর উপজেলা বিএনপির নতুন কমিটি করায় প্রতিবাদ সভা করেছেন দলের নেতা-কর্মীরা। গতকাল বুধবার বিকেলে মাধবদী শহরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির নতুন কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মাকসুদুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এ সভা হয়। মাকসুদুর আগের কমিটিতেও একই পদে ছিলেন।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২২ নভেম্বর আবু সালেহ্ চৌধুরীকে সভাপতি, নুরুল ইসলামকে পুনরায় সাধারণ সম্পাদক এবং শেখ ফরিদকে সাংগঠনিক সম্পাদক করে সাত সদস্যের কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।
তবে তৃণমূলের মতামত উপেক্ষা ও আর্থিক লেনদেনের বিনিময়ে কমিটি করার অভিযোগ তোলেন উপজেলা বিএনপির শহর, সব ইউনিয়ন ও অঙ্গসংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দুই শতাধিক নেতা-কর্মী। তাঁরা সাবেক কমিটি পুনর্বহালের দাবি জানিয়ে লিখিত প্রতিবাদপত্রে সই করেন।
প্রতিবাদপত্রে সই করেন সদর উপজেলা বিএনপির আগের কমিটির সহসভাপতি আবদুল হক, মাধবদী শহর বিএনপির সভাপতি আমানউল্লাহ, সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আবুল বাসার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওয়াসিম হোসেন, সদস্যসচিব আরিফ হোসেন, নূরালাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ছাদেকুর রহমান, কাঁঠালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, চরদিঘলদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সদর উপজেলা তাঁতি দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম মিয়া প্রমুখ। আর্থিক লেনদেনের অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন বলেন, কেউ পদ না পেলে অনেক অভিযোগ তোলে। এগুলো আমলে নেওয়া যাবে না।