নতুন কমিটি নিয়ে রাজশাহী বিএনপিতে অচলাবস্থা
ঘোষিত নতুন কমিটি বাতিলের দাবিতে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে তালা ঝুলছে। ৪৮ ঘণ্টা পার হলেও তালা ভেঙে কার্যালয়ের দখল নিতে আসেননি কেউ। আবার তালা খুলেও কেউ কার্যালয়ে বসেননি।
যাঁরা তালা ঝুলিয়েছেন, তাঁরা বলছেন, তাঁরা দলের সব কর্মসূচি বর্জন করে রাজশাহী বিএনপিকে বাঁচানোর আন্দোলন করছেন। অন্যদিকে, চুপ করে আছেন নতুন কমিটির নেতারা।
তবে ক্ষুব্ধ নেতা-কর্মীরা গত বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শাহীন শওকতের ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের চেষ্টা চালিয়েছেন। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, ক্ষুব্ধ একদল কর্মী নগরের বাটারমোড় এলাকায় অবস্থিত ওই কার্যালয় ভাঙচুরের চেষ্টা চালান। তাঁরা দরজায় লাগানো তালায় হাতুড়ি দিয়ে বাড়ি দিয়েও ভাঙতে পারেননি।
জানতে চাইলে শাহীন শওকত বলেন, ‘তেমন কিছু হয়নি। ছেলেরা গিয়ে তাঁর কার্যালয়ের সামনে একটু চিৎকার-চেঁচামেচি করেছে।’ তিনি আরও বলেন, প্রথম প্রথম একটু-আধটু এ রকম হবেই। নতুন নেতৃত্বকে কেউই প্রথমে মেনে নিতে চান না। তাঁরা এটা মিটিয়ে ফেলার চেষ্টা করছেন। ঠিক হয়ে যাবে।
ক্ষুব্ধ এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাজশাহীতে বিএনপি মানেই মিজানুর রহমান মিনু। তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ছিলেন। এবার তাঁকে কেন্দ্রেও ভালো কোনো জায়গা দেওয়া হয়নি। চেয়ারপারসনের উপদেষ্টা করে রাখা হয়েছে। রাজশাহী মহানগরের সভাপতির পদ ছিল, সেটাও কেড়ে নেওয়া হলো। এর মাধ্যমে মূলত তাঁকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া হলো। এটা মেনে নেওয়া যায় না।
অবশ্য দলীয় কার্যালয়ে তালা ঝোলানোর খবর শুনে মিজানুর রহমান মিনু প্রথম আলোকে বলেন, দলের হাইকমান্ড যে সিদ্ধান্ত দেবে, সেটাই মেনে নিতে হবে। দেশে এখন একটা প্রতিকূল অবস্থা চলছে। এ সময় দলীয় কার্যালয়ে তালা ঝোলানোর মতো কাজ করা ঠিক না।
এ ব্যাপারে রাজশাহী মহানগর বিএনপির নতুন কমিটির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, তাঁদের শ্রদ্ধেয় নেতা মিজানুর রহমান মিনুকে অসম্মান করার জন্য রাজনীতি করছেন না। তিনি আছেন, সাবেক সাংসদ কবির হোসেন আছেন, সবাইকে নিয়ে তাঁরা একটা সুন্দর কমিটি করবেন। যাঁরা দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়েছেন, তাঁদের উদ্দেশে তিনি বলেন, ‘যাঁরা এখানে চেঁচামেচি করছেন, তাঁরা একজন নন, ২৪ জন ম্যাডামের কাছে গিয়েছিলেন। ম্যাডাম তাঁদের কথা শুনেছেন। তারপর তিনি মাঠপর্যায়ের নেতাদের মূল্যায়ন করার জন্যই এই কমিটি দিয়েছেন।’
সাত বছর পর গত মঙ্গলবার রাজশাহী জেলা ও মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। এই কমিটি থেকে বাদ পড়েছেন কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব এবং রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু। গত মঙ্গলবার বিকেলেই নতুন কমিটির বিষয়টি রাজশাহীতে চাউর হয়। বুধবার সারা দিন নেতা-কর্মীদের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। ওই দিন রাত আটটার দিকে একদল নেতা-কর্মী নগরের মালোপাড়ায় অবস্থিত মহানগর বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের ডেকে ঘোষণা দেন, নতুন কমিটি বাতিল না করা পর্যন্ত তাঁরা আন্দোলন করে যাবেন। তাঁরা সম্মেলনের মাধ্যমে ফের কমিটি ঘোষণার দাবি জানান। রাত সোয়া আটটার দিকে তাঁরা দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।