নতুন কমিটি প্রত্যাখ্যান একাংশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার তিন দিন পর সংবাদ সম্মেলন ও কমিটির তালিকা পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপির একাংশ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের আজাদি ময়দানের পাশে জেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি রোকন উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন সহসভাপতি ও ডা. আবুল হোসেন কলেজের অধ্যক্ষ এ বি এম মঞ্জুরুল আলম এবং যুগ্ম সম্পাদক এম এ মজিদ। এ সময় সহসভাপতি আসাদুজ্জামান লাল, আফসার আলী সরদার প্রমুখ উপস্থিত ছিলেন। সম্মেলনে জ্যেষ্ঠ সহসভাপতি রোকন উদ্দিন স্বাক্ষরিত একটি বিবৃতি দেওয়া হয়। তাঁরা সবাই দলের সভাপতির পক্ষের অংশের নেতা-কর্মী।
লিখিত বক্তব্যে বলা হয়, মো. আবদুল হককে কমিটিতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাবিষয়ক সম্পাদক করা হয়েছে। কিন্তু তিনি বিগত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। আইনজীবী কামরুল আলম ২০১৫ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগদান করেন। অথচ তাঁকে সহসভাপতি করা হয়েছে। কমিটির সহ-প্রচার সম্পাদক করা হয়েছে খায়রুজ্জামান খাইরুলকে। খাইরুল যুবদলের সাবেক সভাপতি সামছুল আলম বাবলু হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। যুগ্ম সম্পাদক কে এ বারী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এ ছাড়া আসলাম মিয়া, লুৎফর রহমানকে সহসভাপতি এবং আবদুস সালাম মিয়াকে প্রথম যুগ্ম সম্পাদক করা হয়েছে। কিন্তু তাঁরা দলের কার্যক্রমে অংশগ্রহণ করেন না।
সংবাদ সম্মেলনের পর কার্যালয়ের সামনে নতুন কমিটির তালিকা পোড়ানো হয়। এ সময় ‘অবৈধ কমিটি মানি না মানব না, অবিলম্বে এই কমিটি বাতিল করো করতে হবে, শহীদ জিয়ার সৈনিকেরা এই কমিটি মানে না, আওয়ামী লীগের নেতা কমিটিতে কেন? মানি না মানব না’ প্রভৃতি স্লোগান দেওয়া হয়।
রোকন উদ্দিন চৌধুরী বলেন, ‘কমিটিতে তিন ভাগের এক ভাগ নারী সদস্য থাকার কথা থাকলেও তা মানা হয়নি। কাউন্সিল না করে অগণতান্ত্রিকভাবে এই কমিটি করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এ কারণে আমরা এই কমিটি মানি না।’
সহসভাপতি আসলাম মিয়া বলেন, ‘আমি দল থেকে সাংসদ পদে মনোনয়নপ্রত্যাশী হওয়ায় প্রতিপক্ষের নেতা-কর্মীরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন। আমি দলে যে পরিমাণ অবদান রেখেছি, দলের কোনো সহসভাপতিই তা করেননি। দলের একজন লোকের প্ররোচনা ও নির্দেশে এই অভিযোগ করা হয়েছে। এ ছাড়া দলের দপ্তর সম্পাদকের ওপর হামলার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।’
সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, এটি দলের ক্ষুব্ধ নেতা-কর্মীদের প্রতিক্রিয়া। তবে এটা ঠিক যে আওয়ামী লীগের সক্রিয় কিছু লোক, যুবদল নেতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং দলের কার্যক্রমে নিষ্ক্রিয় কিছু নেতার নাম এসেছে। পাশাপাশি অনেক সক্রিয় ও সম্মানিত নেতাকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। তিনি এ বিষয়ে কেন্দ্রের সংশ্লিষ্ট নেতাদের নজর দিতে দৃষ্টি আকর্ষণ করেন।
গত সোমবার আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে সভাপতি ও হারুন অর রশিদকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পরের দিন রাতে নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক খন্দকার নুরুল নেওয়াজকে কুপিয়ে আহত করা হয়। নুরুল নেওয়াজ সাধারণ সম্পাদকের পক্ষের লোক।
কুপিয়ে আহত করার ঘটনায় বৃহস্পতিবার প্রথম আলোয় ‘রাজবাড়ীতে বিএনপির নেতাকে কুপিয়ে জখম, আটক ১’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।