কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা বিএনপির নতুন কমিটিকে প্রত্যাখ্যান করে এক পক্ষের সংবাদ সম্মেলনের পর বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরে হোসেনপুর বাজারের অটোরিকশা স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে।
দলীয় সূত্র জানায়, সম্প্রতি জহিরুল ইসলামকে সভাপতি করে হোসেনপুর উপজেলা বিএনপির কমিটি অনুমোদন দেয় জেলা বিএনপি। এর প্রতিবাদে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূরুল আমিন ও তাঁর সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে গতকাল দুপুরে স্থানীয় মডেল পাইলট উচ্চবিদ্যালয় মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ওই কমিটি প্রত্যাখ্যান করেন।
পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল আমিন লিখিত বক্তব্য পাঠ করেন। এতে নতুন গঠিত কমিটি ও এর সভাপতি জহিরুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। বলা হয়, আগামী সাত দিনের মধ্যে এ কমিটি বাতিল না করলে নবগঠিত কমিটিকে প্রতিরোধ করা হবে এবং জেলা বিএনপিকেও হোসেনপুরে অবাঞ্ছিত করা হবে। প্রয়োজনে গণপদত্যাগের মতো কর্মসূচি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনের পর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল আমিনের নেতৃত্বে একটি জুতা মিছিল বের করা হয়। মিছিলটি হোসেনপুর বাজার প্রদক্ষিণ করার সময় সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের সামনে সাদা পোশাকে পুলিশ এসে মিছিলে বাধা দেয়।
এর কিছুক্ষণ পরই নতুন কমিটির নেতা জহিরুল ইসলামের সমর্থকেরা মিছিল নিয়ে এলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলে।
পরে হোসেনপুর থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে হোসেনপুরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
গতকালের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, সাদ্দাম হোসেন, মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল ইসলাম, জাসাসের সভাপতি মহসিন সিরাজী, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাহবুব আলম, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলামিন পাঠান, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম, বিএনপির নেতা কামাল মিয়া, আজহারুল ইসলাম প্রমুখ।