‘অগণতান্ত্রিক ও বেআইনি’ আখ্যা দিয়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটির একাংশ। এ ছাড়া নতুন কমিটিকে প্রত্যাখ্যান করে ২৮৭ সদস্যের ১৪০ জন পদত্যাগপত্রে সই করেছেন।
গতকাল রোববার বেলা দুইটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের হানিফ খান মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলার ব্যানারে সংবাদ সম্মেলন হয়। এ সময় কমিটি বাতিল ও কমিটি থেকে পদত্যাগের জন্য ১৪০ জন আইনজীবীর স্বাক্ষরিত পদত্যাগপত্র উপস্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন এবং নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী ও আইনজীবী ফোরামের জেলা সদস্য সাখাওয়াত হোসেন খানের কর্মকাণ্ডের সমালোচনা করা হয়। এর আগে ৭ জুন সরকার হুমায়ূন কবিরকে সভাপতি ও খোরশেদ আলম মোল্লাকে সেক্রেটারি করে ২৮৭ জনের কমিটির অনুমোদন দেন মাহবুব উদ্দিন খোকন।
সংবাদ সম্মেলনে আইনজীবী ফোরামের সাবেক সভাপতি আব্দুল বারী ভূইয়া লিখিত বক্তব্যে বলেন, ‘মাহবুব উদ্দিন খোকন অবৈধভাবে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের তথাকথিত কমিটি ঘোষণা করেছেন। ২৮৭ জনের কথিত কমিটিতে আওয়ামী লীগের আইনজীবীদের নাম আছে। ইতিমধ্যে আমরা ১৪০ জন লিখতভাবে কমিটি প্রত্যাখ্যান করেছি।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আইনজীবী ফোরামের নতুন কমিটির উপদেষ্টা ও বিগত কমিটির সেক্রেটারি আব্দুল হামিদ খান ভাসানী, সাবেক সাংগঠনিক সম্পাদক আজীজুর রহমান মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।