রাজশাহী মহানগর বিএনপির নতুন ঘোষিত কমিটি বাতিলের দাবি জানিয়েছেন দলের একাংশের নেতা-কর্মীরা। এ দাবিতে গতকাল বুধবার রাতে তাঁরা দলের মহানগর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। তাঁদের দাবি, সম্মেলন করে মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা করতে হবে।
দলীয় সূত্রে জানা যায়, সাত বছর পর গত মঙ্গলবার রাজশাহী জেলা ও মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। এই দুই শাখার শীর্ষ চারটি পদের তিনটিতেই নতুনরা স্থান পেয়েছেন। মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে মহানগর বিএনপির সভাপতি পদ থেকে কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব মিজানুর রহমানকে বাদ দিয়ে কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র মোসাদ্দেক হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা সভাপতির পদ থেকে সাবেক সাংসদ নাদিম মোস্তফাকে বাদ দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেনকে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটি অনুমোদন করেছেন। সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন কমিটি নিয়ে গতকাল সারা দিন নগরে কোনো প্রতিক্রিয়া ছিল না । রাত আটটার দিকে রাজশাহী মহানগর বিএনপির নেতা-কর্মীরা নগরের মালোপাড়া এলাকায় অবস্থিত মহানগর বিএনপির কার্যালয় খুলে সাংবাদিকদের খবর দেন। এ সময় রাজশাহী মহানগর বিএনপির আগের কমিটির সহসভাপতি নজরুল হুদা, নগরের রাজপাড়া থানা বিএনপির সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আলী হোসেন, বোয়ালিয়া থানার সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রবিউল আলম, মতিহার থানার সভাপতি আনসার আলী বক্তব্য দেন।
নেতা-কর্মীরা সাংবাদিকদের বলেন, নতুন কমিটিতে দলের জ্যেষ্ঠ নেতাদের মূল্যায়ন করা হয়নি। যাঁরা ২০ বছর ধরে দলের রাজনীতিতে সক্রিয় ছিলেন না, আন্দোলন-সংগ্রামের সঙ্গে যাঁদের কোনো সম্পর্ক ছিল না, তাঁদের কমিটির নেতা বানানো হয়েছে। যাঁরা আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করে কাজ করেন, তাঁরাই ম্যাডামকে ভুল বুঝিয়ে এই কমিটি নিয়ে এসেছেন। তাঁরা আরও বলেন, যত দিন না কমিটি পরিবর্তন করা হবে, তত দিন তাঁরা দলের সব কর্মসূচি বর্জন করবেন। যাঁরা রাজশাহীতে বিএনপিকে বাঁচিয়ে রেখেছেন, তাঁদের উপেক্ষা করে রাজশাহী মহানগর বিএনপি চলতে পারে না। সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান বলেন, এ ঘটনা তিনি শোনেননি। একটু বাইরে আছেন। দলের শীর্ষ পর্যায়ের নেতারা যা করেছেন সেটা মানতে হবে। তা ছাড়া দেশে একটা প্রতিকূল পরিস্থিতি বিরাজ করছে। এ সময় কার্যালয়ে তালা দেওয়া ঠিক হয়নি। তিনি দলের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলবেন।
নতুন কমিটির সভাপতি মোসাদ্দেক হোসেনের মুঠোফোনে ফোন করা হলে তাঁর ব্যক্তিগত সহকারী বিপ্লব বলেন, মোসাদ্দেক হোসেনের চাচাতো ভাই মারা গেছেন। তিনি পরে কথা বলবেন।