নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট জেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবি জানিয়েছেন দলের একাংশের নেতা-কর্মীরা। এ দাবিতে গতকাল শুক্রবার কালাই উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও নতুন কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কেন্দ্রীয় বিএনপির সহসম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে মোজাহার আলী প্রধানকে সভাপতি ও নাফিজুর রহমান ওরফে পলাশকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটির আংশিক কমিটির নাম ঘোষণা করা হয়। গতকাল বিকেলে কালাই উপজেলা চত্বরে বিএনপির একাংশের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা করে নতুন কমিটি ২৪ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি জানান। এ সময় জেলা বিএনপির নতুন কমিটির সভাপতি মোজাহার আলী প্রধান ও সাধারণ সম্পাদক নাফিজুর রহমানের কুশপুত্তলিকা দাহ করা হয়। প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সহসভাপতি আনিছুর রহমান তালুকদার, সাবেক আইনবিষয়ক সম্পাদক আবু হেনা মোজাহিদুল ইসলাম, কালাই পৌর বিএনপির আহ্বায়ক রেজাউল হক প্রমুখ।
জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির শ্রমবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম অভিযোগ করেন, দলের নেতা-কর্মীদের কাছে নাফিজুর রহমানের কোনো গ্রহণযোগ্যতা নেই। মাঠপর্যায়ের অধিকাংশ নেতা-কর্মী তাঁকে চেনেন না।
জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, নাফিজুর রহমানকে দলের নেতা-কর্মীরা মেনে নিতে পারছেন না। ২০০৮ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সংস্কারপন্থী হয়ে দল ভাঙার চেষ্টা করলে জেলা বিএনপি তাঁকেসহ আটজনকে বহিষ্কার করে।
মোজাহার আলী প্রধান বলেন, কেন্দ্রীয় কমিটি যেখানে সিদ্ধান্ত নিয়ে নাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করেছে, সেখানে তিনি মনে করেন, নতুন কমিটি সবাইকে সঙ্গে নিয়ে জেলা বিএনপিকে শক্তিশালী সংগঠন হিসেবে দাঁড় করাতে পারবে।
নাফিজুর রহমান গতকাল মুঠোফোনে বলেন, তিনি ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে এসেছেন। তিনি কখনো দলের বিরুদ্ধে কোনো কাজ করেননি বা সংস্কারপন্থী ছিলেন না। তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে, তা সত্য নয়।