নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, চারজনের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল জেলা বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দলটির একাংশ। ছবিটি শহরের জেলা সদর সড়ক থেকে তোলা l প্রথম আলো
টাঙ্গাইল জেলা বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দলটির একাংশ। ছবিটি শহরের জেলা সদর সড়ক থেকে তোলা l প্রথম আলো

টাঙ্গাইল জেলা বিএনপির নবগঠিত কমিটিকে সাবেক মন্ত্রী আবদুস সালাম পিন্টুর পরিবারের তাঁবেদার আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দলটির একাংশের এ কর্মসূচির পর নতুন কমিটির চারজন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

পদত্যাগী চারজন হলেন নবগঠিত কমিটির সহসভাপতি আলী ইমাম ও হাসানুজ্জামিল শাহীন, যুগ্ম সম্পাদক খন্দকার আহমেদুল হক এবং সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী।

বিএনপির স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ মে কেন্দ্র থেকে জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩০টি পদে নাম ঘোষণা করা হয়। এতে সাবেক কমিটির সাধারণ সম্পাদক শামসুল আলম সভাপতি পদ পান। তিনি জোট সরকারের সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই। পিন্টু ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় অভিযুক্ত হয়ে কারাবন্দী রয়েছেন। কমিটিতে সাধারণ সম্পাদক পদ পেয়েছেন সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল। ঘোষিত কমিটির বেশির ভাগ পদই পিন্টুর পরিবারের অনুসারীরা পেয়েছেন।

আন্দোলনকারীদের দাবি, পিন্টুর ভাই যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু কেন্দ্রে প্রভাব বিস্তার করে এই কমিটি অনুমোদন করিয়েছেন। এতে ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে তাঁদের অনুসারীদের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হয়েছে।

নবগঠিত কমিটি বাতিলের দাবিতে গতকাল সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে জেলা বিএনপির একাংশ বিক্ষোভ মিছিল বের করে। সেটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। এতে নতুন কমিটির সহসভাপতি আলী ইমাম ও হাসানুজ্জামিল শাহীন, যুগ্ম সম্পাদক আহমেদুল হক, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা চিত্তরঞ্জন দাস, সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

পরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। ওই চারজন পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, নতুন কমিটিতে পদ-পদবি বণ্টনে ত্যাগী ও নির্যাতিত নেতাদের মূল্যায়ন না করে পিন্টুর পরিবারের তাঁবেদার, বিগত আন্দোলনে ব্যর্থ এবং সরকারি দলের সঙ্গে আঁতাতকারী বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি শামসুল আলম ও তাঁর ভাই সুলতান সালাউদ্দিন অনুসারীদের নিয়ে জেলা আওয়ামী লীগের প্রভাবশালী ‘খান পরিবারের’ সঙ্গে আঁতাত করেছেন। তাঁরা প্রশাসনকে প্রভাবিত করে দলের নেতা-কর্মীদের নানাভাবে হয়রানি করছেন।

এসব অভিযোগ নাকচ করে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রথম আলোকে বলেন, ‘বিগত দিনে আন্দোলন-সংগ্রামে যাঁরা ভূমিকা রেখেছেন, তাঁদের নিয়েই কমিটি করা হয়েছে। কিছুসংখ্যক নেতা সরকারি দলের ইন্ধনে নবগঠিত কমিটির বিরুদ্ধে মাঠে নেমেছেন। বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মীরা নবগঠিত কমিটির পক্ষেই আছেন। চারজনের পদত্যাগের ঘোষণার কথা শুনেছি। তবে পদত্যাগপত্র এখনো পাইনি।’