চট্টগ্রাম নগরের হালিশহর থানা শাখা বিএনপির নতুন কমিটি ভেঙে ‘ত্যাগী’ নেতাদের সমন্বয়ে কমিটি করার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ নেতা-কর্মীরা। গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
গতকাল সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ নেতা-কর্মীদের পক্ষে বক্তব্য তুলে ধরেন নগর বিএনপির সহসভাপতি জামাল আহমেদ। এ সময় আরও শতাধিক নেতা-কর্মী প্রেসক্লাবে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপিকে ধ্বংস করতে এক নেতার সহযোগিতায় ভুঁইফোড় কিছু নেতা-কর্মীর সমন্বয়ে হালিশহর থানা বিএনপি গঠন করা হয়।
যাঁরা কমিটিতে জায়গা পেয়েছেন, তাঁদের কাউকে বিগত আন্দোলন-সংগ্রামের সময় রাজপথে দেখা যায়নি।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নতুন এই কমিটি ঘোষণার পর হালিশহর এলাকার নেতা-কমীদের মধ্যে প্রতিবাদের ঝড় ওঠে। এ জন্য একজন কেন্দ্রীয় নেতা দায়ী।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, তাঁদের দাবি না মানা হলে কালো পতাকা প্রদর্শন ও মিছিল, দলের সভানেত্রী খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করে স্মারকলিপি প্রদান এবং তৃণমূল নেতাদের সঙ্গে আলোচনা করে গণতান্ত্রিক উপায়ে নতুন কমিটি গঠন করা হবে।
এক প্রশ্নের জবাবে জামাল আহমেদ বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় একজন নেতার ইন্ধনে ‘অযোগ্য’ ব্যক্তিদের সমন্বয়ে বিএনপির কমিটি গঠন করা হয়েছে। যদিও এই কমিটি ঘোষণা করেছে নগর বিএনপি। অযোগ্য নেতাদের সমন্বয়ে কমিটি ঘোষণার পর আমরা নগরের নেতা এবং কেন্দ্রীয় ওই নেতার সঙ্গে যোগাযোগ করেছি। তাঁরা পরস্পরের ওপর দায় চাপিয়েছেন।’
নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম প্রথম আলোকে বলেন, সাংবাদিক সম্মেলন করে এসব বলার কী আছে? হালিশহর থানা কমিটি নিয়ে কোনো সমস্যা থাকলে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান হবে।
প্রসঙ্গত মোশাররফ হোসেনকে সভাপতি এবং জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে ১৮ জুলাই হালিশহর থানা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির বিরুদ্ধে মাঠে নামেন নগর বিএনপির সহসভাপতি জামাল আহমেদ, নগর বিএনপির যুগ্ম সম্পাদক আবুল হাশেম ও নগর বিএনপির সহসম্পাদক শহীদ মোহাম্মদ চৌধুরী প্রমুখ।
এদিকে গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে অংশ নেওয়া নগর বিএনপির সহসভাপতি জামাল আহমেদ, যুগ্ম সম্পাদক আবুল হাশেম ও সহসম্পাদক শহীদ মোহাম্মদ চৌধুরীকে বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন হালিশহর থানার নতুন কমিটির নেতারা। এই তিনজনের মধ্যে একজন একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ছিলেন বলেও বিবৃতিতে দাবি করা হয়। তবে তাঁরা সেই নেতার নাম উল্লেখ করেননি।
গতকাল এক বিবৃতিতে হালিশহর থানার সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, সংবাদ সম্মেলন করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন জামাল আহমেদসহ তিন নেতা। তাঁদের বহিষ্কার করতে বিএনপির মহাসচিব এবং নগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে এর আগে অবহিত করা হয়েছিল।