নতুন কমিটিতে অছাত্র ও হত্যা মামলার আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে ব্যবসায়ী, অছাত্র ও হত্যা মামলার আসামিকে রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে কেন্দ্রঘোষিত নতুন কমিটি নিয়ে নেতা-কর্মীদের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, গত বুধবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের যৌথ স্বাক্ষরে ওই কমিটির অনুমোদন দেওয়া হয়। জেলা ছাত্রলীগের একাংশের নেতারা ওই কমিটি বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার নড়াইল পানি উন্নয়ন বোর্ডের ডাকবাংলোয় সংবাদ সম্মেলন করেন।
কেন্দ্রীয় কমিটি ঘোষিত ওই কমিটির সভাপতি তোফায়েল মাহমুদ ওরফে তুফান, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুল, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান, শরিফুল ইসলাম বাপ্পি ও শাহরিয়ার আহাদ, জ্যেষ্ঠ সহসভাপতি নিলয় রায় বাঁধন, সহসভাপতি টমাস বিশ্বাস ও আবু সুফিয়ান বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক চঞ্চল শাহরিয়ার মিম ও এস এম কামরুজ্জামান এবং কার্যকরী সদস্য রাজিব হোসেন। জেলা ছাত্রলীগের বিদায়ী সাধারণ সম্পাদক সৌমেন চন্দ্র বসু নতুন কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।
এই কমিটি বাতিলের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি জাহাঙ্গীর সিকদার। এ সময় ঘোষিত কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি নিলয় রায় বাঁধন, সহসভাপতি আবু সুফিয়ান, টমাস বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক চঞ্চল শাহরিয়ার, এস এম কামরুজ্জামানসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর শিকদার দাবি করেন, ঘোষিত কমিটির সভাপতি তোফায়েল মাহমুদ ছাত্র নন। তিনি একজন ব্যবসায়ী। শহরের সদর হাসপাতাল সড়কে ‘তুফান প্লাজা’ নামে একটি মুঠোফোনের দোকানসহ তাঁর বিভিন্ন ব্যবসা আছে। কমিটির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অপু হত্যা মামলার আসামি। তিনি নিয়মিত ছাত্র নন। এ ছাড়া তিনি ছাত্রলীগের বিদায়ী সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামালকে হত্যার চেষ্টাসহ একাধিক মামলার আসামি। সম্মেলনে আজকের (শনিবার) মধ্যে ঘোষিত কমিটি বাতিল করে মেধাবী ছাত্রদের নিয়ে নতুন কমিটি ঘোষণার দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।
নতুন কমিটির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান দাবি করে বলেন, ‘আমি নড়াইল সিটি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিরুল ইসলাম হত্যা মামলার সঙ্গে জড়িত নই। ষড়যন্ত্রমূলকভাবে আমাকে ওই মামলায় জড়ানো হয়েছে।’ কিন্তু থানায় খোঁজ নিয়ে তাঁর এই দাবির সত্যতা পাওয়া যায়নি। আমিরুল হত্যা মামলার নয় নম্বর আসামি হিসেবে তালিকায় তাঁর নাম রয়েছে।
নতুন কমিটির সভাপতি তোফায়েল মাহামুদ বলেন, ‘আমি ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।’ তিনি দাবি করেন, ‘বাপ-দাদার ব্যবসা আছে। ছোট ছেলে হিসেবে বেশির ভাগ ব্যবসাপ্রতিষ্ঠান আমার নামে করা হয়েছে। সেগুলো ভাইয়েরা দেখাশোনা করেন। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়, সব গুজব।’
দলীয় সূত্রে জানা গেছে, ২৩ নভেম্বর নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে জেলা ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কমিটি ঘোষণা না করেই কেন্দ্রীয় নেতারা স্থান ত্যাগ করেন।
এ ব্যাপারে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।