নতুন কমিটির ইঙ্গিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটির মেয়াদ আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে। এবার গঠনতন্ত্র অনুসরণ করে নতুন কমিটি দেওয়ার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মশিউর রহমান। গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নিয়ে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এই ইঙ্গিত দেন।
গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি বলেন, গঠনতন্ত্র অনুসরণ করে ছাত্রলীগের কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিলুপ্ত করে নতুন কমিটি দেওয়া নাকি স্থগিত হওয়া কমিটির কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার হবে—এ সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
নিজেদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাতের কারণে গত ৪ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিদ্যমান অবস্থা দেখতে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মশিউর রহমান ও উপক্রীড়া সম্পাদক মো. হোসাইন গত মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে আসেন।
গতকাল দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী ও প্রক্টরিয়াল বডির সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মশিউর রহমান ও উপক্রীড়া সম্পাদক মো. হোসাইন। গত মঙ্গলবার বিকেলে তাঁরা চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নিয়ে আলোচনা করেন। মেয়র কেন্দ্রীয় এই দুই নেতাকে নতুন কমিটি দেওয়ার পরামর্শ দেন।