
নগর জাতীয় পার্টির নতুন কমিটির দিকে তাকিয়ে আছেন নেতা-কর্মীরা। ইতিমধ্যে কমিটি গঠন করে অনুমোদনের জন্য জমা দেওয়া হয়েছে কেন্দ্রে। এ নিয়ে দুই পক্ষের পুরোনো বিরোধ আবার চাঙা হয়ে উঠেছে।
এর একদিকে আছেন নগর কমিটির সাবেক সভাপতি সোলয়মান আলম শেঠ ও অপর পক্ষে রয়েছেন সাংসদ মাহজাবীন মোরশেদ। মূলত সোলায়মান আলম শেঠকে দল থেকে অব্যাহতি দেওয়ার মধ্য দিয়ে নতুন মোড় নেয় বিরোধ। শেঠকে বাদ দিয়ে মাহাজাবীনকে নগর কমিটির আহ্বায়ক করা হয়েছে।
নেতা-কর্মীরা জানান, নতুন দায়িত্ব পেয়েই কাজে নেমে পড়েছেন সাংসদ মাহজাবীন মোরশেদ। তিনি পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে নিয়ে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে সভা-সমাবেশ করছেন। এগিয়ে নিচ্ছেন কমিটি গঠনের কাজ। নতুন এই দায়িত্বে মাহজাবীন মোরশেদের অনুসারীরা এখন চাঙা। দীর্ঘদিনের পদবঞ্চিতরা এখন আশায় বুক বাঁধছেন।
মাহজাবীন মোরশেদ বলেন, ‘কমিটি জমা দেওয়া হয়েছে। কমিটিতে সব পক্ষের বঞ্চিতরা রয়েছেন। জাতীয় পার্টিতে কোনো বিরোধ নেই। যঁারা বিশৃঙ্খলা করতে চাচ্ছেন, তঁারা পার্টির কেউ নন। চেয়ারম্যান এরশাদের নির্দেশে আমরা চলছি।’
মাহজাবীন মোরশেদের স্বামী চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম জাতীয় পার্টির সহসভাপতি। তিনি বলেন, ‘নতুন কমিটি ইতিমধ্যে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে বলে জানি। দল এখন চাঙা রয়েছে।’
দলীয় সূত্র জানায়, বাদ পড়া সোলয়মান আলম শেঠ তাঁর অনুসারীদের নিয়ে প্রথম দিকে বেশ চাঙা থাকলেও এখন অনেকটা নীরব রয়েছেন। দলের সব পদ হারিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন জাপার এই নেতা। পার্টির চেয়ারম্যানের সঙ্গে দেখা করেও লাভ না হওয়ায় শেঠ অনুসারীরা হতাশ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে অনেকে নতুন করে মাহজাবীন মোরশেদের সঙ্গেও লবিং শুরু করেছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, গত মার্চে সম্মেলনের মাধ্যমে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সোলয়মান আলম শেঠকে নগর কমিটির সভাপতি করা হয়েছিল। একই কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছিল তপন চক্রবর্তীকে। গত ২৬ জুলাই নগরের একটি রেস্তোরাঁয় জাপার ইফতার পার্টিতে শেঠ ও মোরশেদ মুরাদ এবং মাহজাবীন মোরশেদের অনুসারীরাও মুখোমুখি অবস্থান নেন। এ সময় শেঠ পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে চট্টগ্রামে অবাঞ্চিত ঘোষণা করেন। এরপর কেন্দ্র শেঠকে দলের সব পদ থেকে অব্যাহতি দেয়।
সোলয়মান আলম শেঠ এখন তাঁর অনুসারীদের নিয়ে সময় কাটান। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তিনি কেন্দ্রের দিকে তাকিয়ে রয়েছেন। এখনো তাঁদের কমিটি বহাল রয়েছে বলে দাবি করছেন তিনি।
এ বিষয়ে সোলয়মান আলম শেঠ বলেন, ‘আমি দলটিকে গুছিয়েছি। এখন বাবলু ভাইয়েরা কী বুঝেছেন জানি না। মাহজাবীন মোরশেদরা ব্যবসা করতে এসেছেন। তাঁদের দিয়ে রাজনীতি হবে না। আমার কমিটি এখনো বহাল আছে।’
নেতা-কর্মীরা জানান, তবে অব্যাহতি পাওয়ার পর সোলয়মান আলম শেঠের সুর এখন অনেকটা নমনীয়। তিনি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু কিংবা পার্টির অন্য কোনো কেন্দ্রীয় নেতাকে চটাতে নারাজ। নীরব থেকে তিনি পার্টিতে নিজের হারানো অবস্থান ফিরে পাওয়ার কৌশল নিয়েছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন আমি স্যারের (এইচ এম এরশাদ) দিকে তাকিয়ে আছি। তিনি আমাকে ধৈর্য ধরতে বলেছেন।’