নতুন কমিটির নেতাদের নিয়ে জিয়ার কবরে খালেদা জিয়া
নতুন কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পরে তিনি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।
গতকাল সোমবার বিকেল সোয়া পাঁচটার দিকে খালেদা জিয়া শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে যান। এ সময় হাজার হাজার নেতা-কর্মী নানা স্লোগানে তাঁকে স্বাগত জানান। দলের স্থায়ী কমিটি, উপদেষ্টা পরিষদ ও নির্বাহী কমিটির সদস্যরা আগে থেকে সেখানে উপস্থিত ছিলেন। নেতা-কর্মীদের ভিড় ঠেলে খালেদা জিয়ার গাড়ি কবর প্রাঙ্গণে যেতে ও সেখান থেকে ফিরতে বেগ পেতে হয়।
শ্রদ্ধা জানানো উপলক্ষে জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণের দেয়ালে বড় আকারের জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা টানানো হয়।
সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘দেশনেত্রী যে পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত করেছেন, সেই কমিটিকে নিয়ে আজ (সোমবার) তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে এসেছেন। এখান থেকে নতুন কমিটি শপথ নিয়েছে যে গণতন্ত্র পুনরুদ্ধারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অগ্রণী ভূমিকা পালন করবে।’
২১ আগস্টের গ্রেনেড হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘তারা (সরকার) কোনো হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করেনি। সুষ্ঠু বিচার করেনি দেখেই আজ বিভিন্ন হত্যাকাণ্ড বেড়ে গেছে। আপনারা (সাংবাদিক) দেখেছেন, ক্রসফায়ার ও গান ব্যাটেলের কথা বলে কোনো বিচার ছাড়াই মানুষকে হত্যা করা হচ্ছে। ঠিক একইভাবে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আমাদের দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে জড়িত করা হয়েছে।’
রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে ফখরুল বলেন, ‘আমাদের অবস্থান পরিষ্কার। আমরা মনে করি, বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন করে সুন্দরবনকে বিনষ্ট করে, পরিবেশকে দূষিত করে, রামপালে প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণের যে কথা চলছে, আমরা এর বিরোধিতা করি।’