নোয়াখালী জেলা বিএনপির নবগঠিত কমিটির পক্ষে সেনবাগে পাল্টাপাল্টি আনন্দ মিছিল ও ঝাড়ুমিছিল হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা সদরে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে দলের দুটি পক্ষ মিছিল করে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
১৩ ফেব্রুয়ারি আবদুর রহমানকে সভাপতি ও মাহবুব আলমগীরকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র থেকে জেলা বিএনপির ১১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত ৩০ ডিসেম্বর জেলা বিএনপির সম্মেলন দুই পক্ষের সংঘর্ষের কারণে পণ্ড হয়ে যায়।
দলীয় সূত্র জানায়, গতকাল বেলা দেড়টার দিকে নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামুনের নেতৃত্বে দলের উপজেলা পরিষদ এলাকা থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাজারে গিয়ে শেষ হয়।
এই মিছিলের পর বেলা পৌনে দুইটার দিকে বিএনপির চেয়ারপারস খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সেনবাগ পৌর বিএনপির সভাপতি জহিরুল ইসলামের নেতৃত্বে নতুন কমিটিকে প্রত্যাখ্যান করে ঝাড়ুমিছিল বের করা হয়। মিছিলটি সেনবাগ দক্ষিণ বাজারের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ এলাকায় গিয়ে শেষ হয়।
সেনবাগ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী বলেন, জেলা বিএনপির সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। নতুন কমিটি নিয়ে নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ রয়েছে। তাই তাঁরা প্রতিবাদ জানিয়েছেন।
জেলা বিএনপির সভাপতি আবদুর রহমান প্রথম আলোকে বলেন, নতুন কমিটির পক্ষে সেনবাগে আনন্দ মিছিল হয়েছে বলে তিনি শুনেছেন। কমিটির বিপক্ষে কেউ মিছিল করেছেন কি না, তা তিনি জানেন না।