নতুন কমিটির প্রতিবাদে অবরোধ

সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিকে অবৈধ ও পকেট কমিটি অভিহিত করে সংগঠনের একাংশের নেতা-কর্মীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বিদায়ী কমিটি ও বঞ্চিত নেতারাই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন বলে জানা গেছে।
১৯ জুলাই জেলা কমিটির পাশাপাশি শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা এবং শ্রীনগর কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে শ্রীনগরের সভাপতি হয়েছেন আজম হোসেন খান ও সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিরাজদিখানের সভাপতি সৈকত মাহমুদ ও সাধারণ সম্পাদক পারভেজ চোকদার এবং শ্রীনগর কলেজ শাখার সভাপতি আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন জহিরুল ইসলাম।
নতুন কমিটিসংক্রান্ত কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত চিঠিটি ১৯ জুলাই মুন্সিগঞ্জে পৌঁছায়। ওই চিঠি আসার সঙ্গে সঙ্গে দুই উপজেলার ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজদিখান উপজেলা পরিষদসংলগ্ন সড়কে এলোপাতাড়ি ট্রাক ও ট্রলি রেখে এবং টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন নেতা-কর্মীরা। তাঁরা দুই ঘণ্টা মুন্সিগঞ্জ-সিরাজদিখান-ঢাকা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় বিক্ষোভকারীদের একাংশ মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ওই মিছিলে সদ্য বিদায়ী উপজেলা কমিটির সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মহসিন রেজাসহ কয়েক শ নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। এতে সড়কের দুপাশেই যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে নেতা-কর্মীরা অবরোধ তুলে নেন।
এ বিষয়ে বিদায়ী কমিটির সভাপতি জহিরুল ইসলাম বলেন, ‘আমরা চেয়েছি সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হোক। কিন্তু কেন্দ্রীয় নেতারা কোনো সম্মেলন না করে ঢাকায় বসে একটা কমিটি ঘোষণা করে দিলেন।’
এর আগে বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলার ছনবাড়ি চৌরাস্তায় বিক্ষোভ করেন শ্রীনগর উপজেলা ও শ্রীনগর কলেজ শাখার একাংশের নেতা-কর্মীরা। তাঁরা সেখানে ঘণ্টাব্যাপী অবস্থান নিলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় সাংসদ সুকুমার রঞ্জন ঘোষের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
যোগাযোগ করলে বিদায়ী জেলা কমিটির সভাপতি আসাদুজ্জামান সুমন বলেন, এসব কমিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তাই কেন্দ্রীয় কমিটি নতুন কমিটি করে দিয়েছে। এটা সম্পূর্ণ কেন্দ্রীয় কমিটির এখতিয়ার।
গত ২৫ মে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা ছাত্রলীগের সম্মেলন হয়। সেখানে কমিটি গঠন নিয়ে উত্তেজনা দেখা দিলে কেন্দ্রীয় নেতারা কমিটি ঘোষণা না করেই ঢাকায় চলে যান। এর ৫৫ দিন পর জেলা, সিরাজদিখান, শ্রীনগর ও শ্রীনগর কলেজ কমিটি ঘোষণা করল কেন্দ্রীয় কমিটি।