নতুন কমিশন আমাদের মতো হবে: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ‘নির্বাচনী পরিবেশে সুবাতাস বইছে। পরবর্তী সময়ে যে নির্বাচন কমিশন আসবে, তারা আমাদের মতো হবে। নারায়ণগঞ্জে যেভাবে সুষ্ঠু নির্বাচন হয়েছে, তা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও সুষ্ঠু নির্বাচনের যাত্রা শুরু হবে দেশে।’

গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নতুন ভবনে সাংবাদিকদের সিইসি এ কথা বলেন। কমিশনের নিজস্ব ভবনে গতকাল প্রথম অফিস করলেন সিইসি। এর আগে পরিকল্পনা কমিশনে নির্বাচন কমিশনের কার্যালয় ছিল।

২ দশমিক ৩৬ একর জায়গায় নির্মিত ১১ তলাবিশিষ্ট ‘নির্বাচন ভবন’ গত বছরের ৩১ ডিসেম্বর উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ভবনের কাজ পুরোপুরি শেষ হয়নি এখনো। গতকাল প্রথম দিন নতুন ভবনে অফিস করতে গিয়ে বিভিন্ন অব্যবস্থাপনার কারণে অনেক কর্মকর্তা-কর্মচারী সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন।