>রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল রাতে নতুন পাঁচ নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন। এই নিয়োগের পরপরই প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হয় আওয়ামী লীগ বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে। নতুন কমিশন সম্পর্কে তাঁদের প্রতিক্রিয়া তুলে ধরা হলো
নতুন নির্বাচন কমিশনের (ইসি) বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে জানতে চাইলে দলটির তিনজন নেতা কমিশনের ওপর আস্থা রয়েছে বলে জানিয়েছেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপতি একটা সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে ইসি গঠন করেছেন। এই সিদ্ধান্তের প্রতি তাঁদের শ্রদ্ধা রয়েছে। কমিশনের ওপর আস্থা রেখে তিনি বলেন, ‘আমি মনে করি, অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে কমিশন। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে কমিশন।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, সবাইকে কেউ খুশি করতে পারবে না। তবে রাষ্ট্রপতি যাঁদের বেছে নিয়েছেন, সব রাজনৈতিক দল তাঁদের গ্রহণ করবে বলে তিনি মনে করেন। তিনি বলেন, ‘এই কমিশনের ওপর দায়িত্ব অনেক। সবাই ২০১৯ সালের জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আমার বিশ্বাস, কমিশন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, যাঁদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, তাঁদের প্রত্যেকেই যোগ্য। তাঁরা নিজ নিজ কর্মজীবনে চূড়ান্ত পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। ভালো কমিশনই হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার জন্য শুধু কমিশনই যথেষ্ট নয়। রাজনৈতিক দলেরও দায়িত্ব রয়েছে। তাঁর আশা, রাজনৈতিক দলগুলো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে সহায়তা করবে।
এদিকে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে অনুসন্ধান কমিটির বৈঠকের সময় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাঁর দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন। স্থানীয় সরকারের মনোনয়ন বোর্ডের ওই বৈঠকটি পূর্বনির্ধারিত ছিল। বৈঠকে উপস্থিত একাধিক নেতা বলেন, বৈঠকে কমিশন গঠনের বিষয়টি কেউ কেউ তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী এ বিষয়ে আলোচনা করার খুব একটা আগ্রহ দেখাননি।
অন্যান্য প্রতিক্রিয়া
জাতীয় সমাজান্ত্রিক দলের (জাসদ-ইনু) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্রপতি যে কমিশন গঠন করেছেন, তাতে তাঁর সমর্থন রয়েছে। সবারই সমর্থন করা উচিত। কমিশনের কাছে প্রত্যাশার বিষয়ে তিনি বলেন, নির্বাচনের সময় প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে থাকে। সংবিধানে দেওয়া এই কর্তৃত্ব প্রয়োগ করার সৎসাহস এই কমিশন রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।
জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, ‘আমরা এই পর্যন্ত সিইসিসহ অন্য কমিশনারদের যে বৃত্তান্ত জেনেছি, তাতে মনে হয়েছে মুক্তিযুদ্ধের সপক্ষের একটা বলয় থেকে তাঁদের নেওয়া হয়েছে। আশা করি তাঁরা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবেন।’
জাসদের আরেক অংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, রাষ্ট্রপতি যে কমিশন গঠন করেছেন, তাতে তাঁদের আস্থা আছে। তাঁর আশা, এই কমিশন বিশ্বস্ততার সঙ্গে সাংবিধানিক দায়িত্ব পালন করবে। জনগণের প্রত্যাশা পূরণ করবে।