নতুন করে জাগল ঢাকা জেলা বিএনপির পুরোনো দ্বন্দ্ব
গয়েশ্বর চন্দ্র রায় ও আমান উল্লাহ আমানকে ঘিরে নতুন করে জেগে উঠছে ঢাকা জেলা বিএনপির পুরোনো দ্বন্দ্ব। এরই জের ধরে গত রোববারের কর্মিসভায় দুই নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়।
দলীয় সূত্রগুলো জানায়, ঢাকা জেলা বিএনপির নেতৃত্বে কে বড়, এ নিয়ে গয়েশ্বর ও আমানের মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব পুরোনো। গত বছরের আগস্টে ঢাকা জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণার সাড়ে আট মাস পর রোববার প্রথম কর্মিসভার আয়োজন করা হয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়াজিত ওই কর্মিসভায় আমান উল্লাহ আমানের বক্তব্যের পর পাল্টা বক্তব্য দেন অনুষ্ঠানে সঞ্চালক জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক। এটাকে কেন্দ্র করে দুই পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত ১০ জন আহত হন। ওই অবস্থায় প্রধান অতিথি দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বক্তব্য না দিয়েই সভাস্থল ত্যাগ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা জেলা বিএনপির একাধিক নেতা প্রথম আলোকে বলেন, একসময় আমান জেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তিনি ছিলেন কেরানীগঞ্জের একক নেতা। নানা কারণে তিনি আগের অবস্থান হারিয়েছেন। সাবেক বিএনপি নেতা নাজমুল হুদার অবর্তমানে কেন্দ্রে ও আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন গয়েশ্বর রায়। তাঁকে চাপে রাখতেই আমানের অনুসারীরা কর্মিসভায় হট্টগোল বাধিয়েছেন বলে দাবি করেছেন নেতা-কর্মীদের কেউ কেউ। যদিও পরে গয়েশ্বরের সমর্থকেরাও আমান উল্লাহ আমানের অনুসারীদের ওপর চড়াও হন।
আমান ঢাকা-২ ও গয়েশ্বর ঢাকা-৩ সংসদীয় আসনে বিএনপির দলীয় প্রার্থী। জেলা বিএনপির কর্তৃত্ব নিয়ে দুই নেতার মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছে।
দলীয় বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার কর্মিসভার শুরুতে মঞ্চের সামনে বসা নিয়ে ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান সালাহউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক খন্দকার আশফাকের সমর্থকদের সঙ্গে আমান উল্লাহ আমানের অনুসারীদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষে পাল্টাপাল্টি স্লোগানও হয়। সালাহউদ্দিন ও আশফাক দলের কেন্দ্রীয় নেতা গয়েশ্বর রায়ের অনুসারী বলে জানা গেছে।
জেলা বিএনপির একটি সূত্র জানায়, সভায় ঢাকা জেলা বিএনপির সাবেক নেতা জিয়াউর রহমান খান বলেন, ঢাকা জেলার কমিটি গঠনের ক্ষেত্রে তাঁদের সুপারিশ রাখা হয়নি। তাঁর এলাকা থেকে যাঁদের রাখা হয়েছে, তাঁদের তিনি চেনেন না। এঁরা বিএনপি করে কি না, তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন।
পরে আমান উল্লাহ আমান তাঁর বক্তব্যে বলেন, কেরানীগঞ্জ থেকে যাঁদের নেতা বানানো হয়েছে, তাঁদের তিনিও চেনেন না। এ সময় তিনি গয়েশ্বরকে ইঙ্গিত করে বলেন, যাঁর যাঁর এলাকায় সে সে নেতা বানাবেন, অন্যের এলাকায় হস্তক্ষেপ কেন?
একপর্যায়ে এর জবাব দেন কর্মিসভার সঞ্চালকের দায়িত্বে থাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আশফাক। তিনি আমান উল্লাহ আমানকে উদ্দেশ করে বলেন, একবার রক্ত দিলেই সব হয়ে যায় না। যোগ্যতা অনুযায়ী নেতা হবে। এতে এলাকা বিবেচনায় আসবে না। এ সময় আমান সমর্থকেরা মঞ্চের দিকে পানির বোতল ছুড়ে মারলে বিশৃঙ্খলা দেখা দেয়, সংঘর্ষ বাধে। এ অবস্থায় গয়েশ্বর রায় ও কর্মিসভার আরেক অতিথি খন্দকার মাহবুব হোসেন অনুষ্ঠানস্থল ছেড়ে যান। পরে গয়েশ্বরের সমর্থকেরা আমান উল্লাহ আমানের ওপর চড়াও হন।
রোববারের কর্মিসভায় সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গতকাল প্রথম আলোকে বলেন, এ ধরনের ঘটনা ঘটার ন্যূনতম কোনো কারণ নেই। এটি আসলে কারও একক কর্তৃত্ব প্রতিষ্ঠার একটি অপপ্রয়াস। এর মধ্য দিয়ে প্রমাণের চেষ্টা করা, কে বড় নেতা।
এ বিষয়ে কথা বলার জন্য আমান উল্লাহ আমানকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে কল করে এবং একাধিকবার খুদে বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।