নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ শুক্রবার সংবাদ সম্মেলন করবেন। বিকেল চারটায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব মারুফ কামাল খান। সর্বশেষ ৫৩ দিন আগে গত ১৯ জানুয়ারি তিনি সংবাদ সম্মেলন করেন।
বিএনপির গুরুত্বপূর্ণ একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়া সংবাদ সম্মেলনে চূড়ান্ত আন্দোলনে নামতে দেশবাসীর প্রতি আহ্বান এবং নতুন করে কর্মসূচি ঘোষণা দিতে পারেন। এ ছাড়া দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদসহ আন্দোলন চলাকালে সারা দেশে গুম, খুন, ক্রসফায়ার, আহত ও পঙ্গু করা এবং গ্রেপ্তার, মামলা-হামলার শিকার হওয়া নেতা-কর্মীদের একটি বিবরণ দেশবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরতে পারেন। একই সঙ্গে সংলাপে বসতে দেশের নাগরিক সমাজের উদ্যোগ ও আন্তর্জাতিক মহলের আহ্বানকে কটাক্ষ করে সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের বক্তব্যের বিষয়ে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করা হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, ‘দেশের এবং দেশের বাইরে সবাই সংলাপ চাইছে। কিন্তু সরকার সংলাপে তো বসবেই না, উল্টো আরও হার্ডলাইনে চলছে। এ অবস্থায় সরকারই খালেদা জিয়াকে কঠিন পথে ঠেলে দিচ্ছে।’
অবশ্য মারুফ কামাল খান গণমাধ্যমকে জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন দেশের চলমান পরিস্থিতি এবং বিএনপি ও ২০-দলীয় জোটের অবস্থান ব্যাখ্যা করে বক্তব্য দেবেন।
খালেদা জিয়া ৩ জানুয়ারি রাত থেকে গুলশানে তাঁর রাজনৈতিক কার্যালয়ে রয়েছেন।