নতুন জোট এনডিএফের আত্মপ্রকাশ
১০টি ছোট দলের সমন্বয়ে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) নামে নতুন একটি জোট আত্মপ্রকাশ করেছে। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট থেকে বেরিয়ে আসা পাঁচটি ও নামসর্বস্ব আরও পাঁচটি দল নিয়ে এই জোট গঠন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই জোট গঠনের ঘোষণা দেওয়া হয়। এ সময় জোটের দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এনডিএফ জোটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) একাংশের চেয়ারম্যান শেখ শওকত হোসেন। মহাসচিব ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি-আলমগীর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর মজুমদার। জোটভুক্ত দলগুলো হলো: এনপিপি (শওকত), এনডিপি (আলমগীর), ইসলামিক পার্টি (রশীদ), মুসলিম লীগ (জোবাইদা কাদের), ন্যাপ ভাসানী (আনোয়ার), লেবার পার্টি (মনি), তৃণমূল ন্যাপ (পারভীন ভাসানী), ভাসানী ফ্রন্ট (মমতাজ), ইনসাফ পার্টি (শহীদ চৌধুরী) ও জাগদল। প্রথম পাঁচটি দল বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট থেকে বেরিয়ে এসেছে। তবে এসব দলের একাংশ বিএনপির জোটে আছে।
শওকত হোসেন দাবি করেন, একদলীয় স্বেচ্ছাচারী মনোভাবের কারণে কেউ জোট ছেড়েছে। আবার ৫ জানুয়ারির নির্বাচনে না যাওয়াসহ বিএনপির অনেক ভুল ছিল। এসব কারণেও কেউ কেউ জোট ছেড়েছে।