নতুন জোট করার চেষ্টা জাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অংশীদার জাতীয় পার্টিও (জাপা) আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট গঠনের চেষ্টা করছে। তবে এ জোটে কারা আসছে, তা এখনো নিশ্চিত হয়নি।
জাপার দায়িত্বশীল সূত্রগুলো বলছে, বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক দুটি দলের সঙ্গে তাদের কথাবার্তা চলছে। এর বাইরে কয়েকটি ইসলাম ধর্মভিত্তিক দলের সঙ্গেও জাপার শীর্ষস্থানীয় নেতার প্রাথমিক আলোচনা হয়েছে। বিএনপির সাবেক নেতা নাজমুল হুদার জোট বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) একাধিক দলও জোটে আসার আগ্রহ জানিয়েছে।
জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ গতকাল শনিবার দুপুরে রাজধানীর বনানীর কার্যালয়ে দলের এক যোগদান অনুষ্ঠানে নিজেই নতুন জোট করার ঘোষণা দেন। তিনি বলেন, ‘বিএনপির জোটে ২০ দল আছে। আওয়ামী লীগের আছে ১৪ দল। আমরাও একটি জোট করব। তাদের সঙ্গে আমার বৈঠকও হয়েছে।’ তবে কোন কোন দলের সঙ্গে বৈঠক হয়েছে, তা এরশাদ প্রকাশ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘১০ থেকে ১২টি দল নিয়ে আমাদের জোট হবে। এখনই দলগুলোর কথা প্রকাশ করা ঠিক হবে না।’
কিছুদিন ধরে জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ বলে আসছেন, আগামী নির্বাচনে তাঁর দল থেকে প্রার্থী হতে বিভিন্ন দলের অনেক নেতা আগ্রহ জানাচ্ছেন। অনেকে দলে যোগ দিতে চাইছেন। জনগণ এখন জাতীয় পার্টিকে তাদের আশা-ভরসার প্রতীক হিসেবে দেখতে শুরু করেছে।
গতকাল জাপা এক বিজ্ঞপ্তিতে জানায়, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর জেলা যুবলীগের আহ্বায়ক মো. মোস্তফা সেলিমের (বেঙ্গল) নেতৃত্বে বিভিন্ন সংগঠনের শতাধিক নেতা-কর্মী জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন।
এরশাদ যোগদানকারী নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘তারাই আপনজন, যারা সুদিনে-দুর্দিনে পাশে দাঁড়ায়। রংপুরের মানুষ আমার সবচেয়ে আপনজন। তারা সুদিনে-দুর্দিনে আমার পাশে ছিল, এখনো আছে। এটা আমার জন্য বড় পাওয়া।’ জনগণ এখন জাতীয় পার্টিকেই তাদের আশা ভরসার প্রতীক হিসেবে দেখতে শুরু করেছে।
জাপার সভাপতিমণ্ডলীর সদস্য এস এম ফয়সল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, কেন্দ্রীয় নেতা সোলায়মান আলম শেঠ, সৈয়দ দিদার বখত, ইকবাল হোসেন, গোলাম মোহাম্মদ প্রমুখ।