নতুন নতুন আইন হচ্ছে, কথাও বলা যাবে না: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন নতুন আইন হচ্ছে। যাবজ্জীবন কারাদণ্ড, কোটি টাকা জরিমানা। এ আইনে এখন কথাও বলা যাবে না।
গতকাল মঙ্গলবার ‘আমার দেশ পরিবার’ আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন। তিনি বলেন, দেশে রাজনৈতিক পরিসর বা ‘ডেমোক্রেটিক স্পেস’ একেবারেই নেই। এখানে কথা বলতে হবে হিসাব করে, নইলে বাইরে গেলে গ্রেপ্তার করা হবে। আইন করা হয়েছে পুলিশের অনুমতি ছাড়া সভা করা যাবে না।
মির্জা ফখরুল বলেন, ‘আজ পল্টন ময়দান আর নেই। মুক্তাঙ্গন, যেখানে কথা বলতাম, সেটিও বন্ধ করে দিয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউতে আইল্যান্ড দিয়ে সভা-সমাবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। পার্টি অফিসের সামনে সভা করতে দেবে না। সোহরাওয়ার্দী উদ্যানে সভা করতে চাইলে দিনক্ষণের ব্যাপার আছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে যাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা যাঁরা রাজনীতি করি ধরেই নিয়েছি, শেষ জীবন জেলে কাটবে। যতগুলো মামলা আছে, তাতে পাঁচ-দশ বছর করে যদি জেল হয়, হিসাব করেছি ৫০-৬০ বছর জেল হবে।’
মির্জা ফখরুল মামলায় অতিষ্ঠ বিএনপির এক কর্মীর কথা উল্লেখ করে বলেন, ‘আসার সময় রাস্তায় সিগন্যালে গাড়ি থামলে ইয়ং হকার ছেলেরা আসে। বলে স্যার, আমি তো বিএনপি করতাম। এত মামলা, ঢাকায় চলে এসেছি, হকারি করি। রিকশা চালায় আমাদের ছেলেরা। এ রকম ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি। ছেলেদের গুম করে দেয়, খুঁজে পাওয়া যায় না।’ এরপর কান্নার কারণে কিছুক্ষণ কথা বলতে পারেননি মির্জা ফখরুল।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন কবি ও লেখক ফরহাদ মজহার। তিনি দেশে ‘রাজনৈতিক পরিসর’ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
আমার দেশ পত্রিকা চালু করা ও পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে আরও বক্তব্য দেন সাংবাদিক রুহুল আমিন গাজী, সৈয়দ আবদাল আহমেদ, এম আবদুল্লাহ, কাদের গণি চৌধুরী প্রমুখ।