নতুন নতুন যুদ্ধাপরাধী সৃষ্টি হচ্ছে: আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বাংলাদেশ যেন নিজের পায়ে না দাঁড়াতে পারে, সে জন্য বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। আজও সেই ধারা অব্যাহত আছে। নতুন নতুন যুদ্ধাপরাধী সৃষ্টি হচ্ছে। তারা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না।
গতকাল রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় সৈয়দ আশরাফ এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা স্বাধীনতার চেতনা যেন ভুলে না যাই। তাহলে আমাদের মধ্যেও ক্ষয় হবে। বিশ্বাসের ক্ষয় হবে।’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশীদ ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশ করে বলেন, ‘শুধু স্লোগান নয়, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে হবে। তাঁকে জানতে হবে, বুঝতে হবে।’
অনুষ্ঠানে বক্তব্য দিতে বারবার অশ্রুসিক্ত হচ্ছিলেন শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে নূজহাত চৌধুরী। তিনি ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘বোন হিসেবে বলছি, তোমরা আদর্শের চর্চা করো। যদি তোমাদের কাছে ধর্মীয় সংখ্যালঘু কিংবা কোনো নারী নিরাপদ না হয়; ঘুষখোর আমলা হও, অত্যাচারী পুলিশ হও, হলুদ সাংবাদিকতা করো, তাহলে তুমি ছাত্রলীগার হতে পারো না।’
ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, ঢাকা উত্তরের সভাপতি সৈয়দ মিজানুর রহমান প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।