ঈদে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আগাম নির্বাচনী গণসংযোগ সেরে নিচ্ছেন সুনামগঞ্জ-১ আসনের মনোনয়নপ্রত্যাশী নেতারা। ঈদের তিন দিন আগে থেকে আওয়ামী লীগ, বিএনপির সম্ভাব্য নতুন দুই প্রার্থীসহ সাবেক দুজন ও বর্তমান সাংসদ হাওর অধ্যুষিত এ এলাকা চষে বেড়াচ্ছেন।
সুনামগঞ্জ-১ আসন হাওরাঞ্চল হিসেবে পরিচিতি। ধরমপাশা, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা নিয়ে এ আসন গঠিত। এ আসনে বর্তমান সাংসদ হলেন আওয়ামী লীগের মোয়াজ্জেম হোসেন রতন। ঈদ উপলক্ষে তিনিও ছয় দিন এলাকায় অবস্থান করে মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেছেন।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, আওয়ামী কৃষক লীগের কেন্দ্রীয় মানবসম্পদবিষয়ক সম্পাদক ও জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শামীমা শাহরিয়ার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল এ আসনে দলটির সম্ভাব্য প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন। তাঁদের সঙ্গে বিএনপির সাবেক সাংসদ নজির হোসেন ও আওয়ামী লীগের সাবেক সাংসদ সৈয়দ রফিকুল হক এলাকা ঘুরে লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি গণসংযোগ করছেন। ঈদের আগে ও পরে নজির হোসেন ও সৈয়দ রফিকুল হক তিন উপজেলায় ঘুরেছেন। শামীমা শাহরিয়ার জামালগঞ্জ ও ধরমপাশার বিভিন্ন গ্রামে ঘুরে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ফসলহারা কৃষকদের খোঁজখবর নিয়েছেন, সহায়তা দিয়েছেন। কামরুজ্জামান ঈদের তিন দিন আগে থেকেই তাহিরপুর ও ধরমপাশার প্রত্যন্ত গ্রাম এলাকায় গণসংযোগ করেছেন।
জানতে চাইলে, শামীমা শাহরিয়ার বলেন, ‘আমার জন্য এলাকায় আসা নতুন কিছু নয়। আমি ১৬ বছর ধরে হাওর এলাকার মানুষের পাশে আছি। কেবল নির্বাচন করাই উদ্দেশ্য নয়। আমি শেখ হাসিনার উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দিতে, মানুষের জন্য কাজ করতেই গ্রামে গ্রামে ঘুরে বেড়াই।’
বিএনপির সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী নতুন মুখ কামরুজ্জামান কামরুল বলেন, ‘আমি এলাকায় থাকি। মানুষের সঙ্গে কালেভদ্রে নয়, প্রতিদিনই দেখা হয়। তাদের সুখ-দুঃখে পাশে দাঁড়াই। এবারও ঈদের আগে-পরে পুরো নির্বাচনী এলাকা ঘুরেছি। এখনো ঘুরছি। দলের মনোনয়ন পেলে অবশ্যই নির্বাচন করব।’
সাবেক সাংসদ নজির হোসেন এ আসন থেকে ১৯৯১ সালে নৌকা প্রতীক নিয়ে সাংসদ হন। এরপর তিনি বিএনপিতে যোগ দেন। ১৯৯৬ সালে দ্বিতীয়বার এবং ২০০১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি তৃতীয়বার সাংসদ হন। ২০০৮ সালের পর থেকে তিনি ‘সংস্কারপন্থী’ হিসেবে পরিচিতি পাওয়ায় দলের সঙ্গে দূরত্ব বাড়ে। সম্প্রতি জেলা বিএনপির নতুন কমিটিতে তাঁকে সদস্য হিসেবে রাখা হয়েছে। ঈদের আগের দিন তিনি এলাকায় আসেন এবং নেতা-কর্মীদের নিয়ে এলাকায় গণসংযোগ শুরু করেন। ছয় দিনে তিনি তাহিরপুর, ধরমপাশা, জামালগঞ্জ ও মধ্যনগরের বিভিন্ন এলাকা ঘোরেন।
গত শুক্রবার দুপুরে তাঁর সঙ্গে মুঠোফোনে কথা বলার সময় তিনি ধরমপাশার গোলকপুর বাজারে গণসংযোগ করছিলেন। তিনি বলেন, ‘এ এলাকায় বিএনপি আমার হাতে গড়া। এখানে নেতাদের মধ্যে অনৈক্য আছে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তারপর দল যাকেই মনোনয়ন দেয়, সবাই তাঁর পক্ষে কাজ করব।’
সৈয়দ রফিকুল হক ১৯৭৯ সালে এখানে বিএনপির প্রার্থী হিসেবে প্রথমবার সাংসদ হন। এরপর আওয়ামী লীগের যোগ দিয়ে ১৯৯৬ সালে নৌকা প্রতীকে নির্বাচন করে দ্বিতীয়বার সাংসদ হন। তিনি দীর্ঘদিন নীরব ছিলেন। এখন আবার মাঠে নেমেছেন।
ঈদে শুভেচ্ছা বিনিময়ের সঙ্গে নির্বাচনী গণসংযোগ করার বিষয়েÑজানতে চাইলে, সৈয়দ রফিকুল হক বলেন, ‘হাওরে ফসলহানির পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকতে বলেছেন। আমি প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকে এলাকায় আছি। মানুষের পাশে থেকে সরকার যে ত্রাণ সহায়তা দিচ্ছে সেটির খোঁজখবর রাখছি। তবে অনুকূল পরিবেশ থাকলে নির্বাচন করব।’