নতুন নেতৃত্ব নিয়ে আশাবাদী ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েক বছর ধরে বিএনপি প্রতিকূল পরিস্থিতিতে রাজনীতি করছে। এই অবস্থায় দলের নতুন নেতৃত্বে আন্দোলনের সফলতা আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আজ রোববার জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় অসুস্থ আইনুল হককে তাঁর জিগাতলার বাসায় দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপির মহাসচিব বলেন, বিএনপির অসংখ্য নেতা-কর্মী নিহত-আহত হয়েছেন, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধেও মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এমন প্রেক্ষাপটে দলের কাউন্সিল নেতা-কর্মীদের উজ্জীবিত করেছে। কাউন্সিলের মাধ্যমে দল সংগঠিত হচ্ছে। নতুনদের দিয়ে কমিটি গঠন করা হচ্ছে। তাঁদের নেতৃত্বে আন্দোলনে সফলতা পাবে। গণতন্ত্রের জন্য বিএনপির চলমান সংগ্রাম আরও সামনে এগিয়ে যাবে।
গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে ধাপে ধাপে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়ে চলেছে। দুর্নীতিকে জায়েজ করতে জনগণের টাকা হাতিয়ে নিতে এভাবে দাম বাড়ানো হচ্ছে।