নতুন প্যানেল মেয়র তৈরির তৎপরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র নিযুক্ত করার জন্য আগের প্যানেল বাদ দিয়ে নতুন প্যানেল তৈরির তৎপরতা চলছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিনজন কাউন্সিলরের নাম দিয়ে নতুন প্যানেলটির তালিকা ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, তিন নম্বর প্যানেল মেয়র থাকা অবস্থায় এই উদ্যোগ অনুচিত ও অযৌক্তিক।

সিটি করপোরেশনের এক নম্বর প্যানেল মেয়র আনোয়ারুল আমিন আযম বর্তমানে কারাগারে। দুই নম্বর প্যানেল মেয়র নূরুজ্জামান মামলার আসামি হয়ে পলাতক। আর তিন নম্বর প্যানেল মেয়র হলেন নূরুন্নাহার বেগম। তিনি বিএনপির সমর্থন নিয়ে সংরক্ষিত ওয়ার্ড থেকে নির্বাচিত। সাধারণত নির্বাচিত মেয়রের অনুপস্থিতিতে তাঁরই দায়িত্ব পাওয়ার কথা। কিন্তু তাঁর দায়িত্ব গ্রহণ নিয়েও জটিলতা এখনো কাটেনি।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী বলেন, তিন নম্বর প্যানেল মেয়র নূরুন্নাহার বেগম ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর নামও মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিন্তু সেখান থেকে কোনো অনুমোদন আসেনি। কেন আসেনি তা তিনি জানেন না। আর নতুন প্যানেলের ব্যাপারে তাঁর কিছু জানা নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন নেতা বলেন, গত আওয়ামী লীগ সরকারের সময়ে এই নিয়ম করা হয়েছিল যে নির্বাচিত মেয়রের অনুপস্থিতিতে তিনজনের প্যানেল থেকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হবে। কিন্তু বর্তমানে যে প্যানেল আছে তার এক নম্বর কারাগারে ও দুই নম্বর পলাতক। আর তিন নম্বর যিনি আছেন, তিনি শিক্ষাগত যোগ্যতার দিক থেকে পিছিয়ে। ব্যক্তিত্বের দিক থেকেও মেয়র পদের সঙ্গে তিনি যান না। তিনি বলেন, রাজনৈতিক পরিচয় এখানে বড় না, যোগ্যতার বিষয়টিই প্রধান। তাঁরা চান এখানে একজন যোগ্যতাসম্পন্ন ব্যক্তি আসুক।
সিটি করপোরেশনের সূত্রটি জানায়, রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো প্রস্তাবিত প্যানেলে রয়েছেন পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম ও তিন নম্বরে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সদস্য মুসলিমা বেগম বেলী। তাঁদের মধ্যে প্রথম দুজন আওয়ামী লীগের অনুসারী এবং তৃতীয়জন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য।
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী পরিষ্কার করে কিছু বলেননি। তিনি শুধু বলেন, ‘মন্ত্রণালয় থেকে কোন কোন কাউন্সিলরের নামে কী কী মামলা আছে, এ-সংক্রান্ত একটি তথ্য চাওয়া হয়েছে। সেটা পাঠানো হয়েছে।’
তবে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক নতুন প্যানেলের তালিকা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘পরের প্যানেল তৈরির কাজটি কাউন্সিরদের করার কথা। কিন্তু কাউন্সিলরদের মধ্যে ১৮ জনের নামেই মামলা আছে। এখন যাঁরা আছেন তাঁদের দিয়ে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে না। হয়তো এই সমস্যা সমাধানের জন্যই সরকার জেলা প্রশাসন থেকে তালিকা নিয়েছে’। তিনি আরও বলেন, ‘সরকার তো আইনের বাইরে কিছু করতে পারে না।’
নির্বাচিত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে ৭ মে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তাঁর অনুপস্থিতিতে ১২ মে সংরক্ষিত আসনের কাউন্সিল নুরুন্নাহার দায়িত্ব নিতে আসছেন এমন খবর ছড়িয়ে পড়লে নগর ভবনে পুলিশ মোতায়েন করা হয়। পরের দিনও পুলিশ ছিল। এ ব্যাপারে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান বলেন, নগর ভবনে উত্তেজনা চলছিল। সেখানে গন্ডগোলের আশঙ্কায় পুলিশ পাঠানো হয়েছিল।
জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘তিন নম্বর প্যানেল মেয়রকে যখন পাওয়া যাচ্ছে, তখন তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা যাবে না। এ ক্ষেত্রে নিরক্ষরতা কোনো অযোগ্যতা নয়। জনগণ যেহেতু তাঁকে নির্বাচিত করেছে, কোনো কর্মকর্তা তাঁকে বাদ দিতে পারেন না।’