বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নতুন প্রজন্ম আর নতুন পৃথিবীর কথা চিন্তা করে আমাদের এগিয়ে যেতে হবে। দলকে সেভাবে গড়ে তুলতে হবে, যা নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণ করবে।’
গতকাল মঙ্গলবার ঝিনাইদহ জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল এসব কথা বলেন। সম্মেলনে জেলা কমিটির সভাপতি হিসেবে মসিউর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে আবদুল মালেকের নাম ঘোষণা করা হয়। তাঁরা বর্তমানে একই পদে আছেন। এ ছাড়া এস এম মসিউর রহমানকে জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে ঘোষণা করা হয়।
শহরের প্রিয়া সিনেমা হলে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন মসিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নেতা এ জেড এম জাহিদ হোসেন, মো. শাহজাহান, নিতাই রায় চৌধুরী, নজরুল ইসলাম মঞ্জু, আসাদুজ্জামান, জয়ন্ত কুমার কণ্ডু, মেহেদী আহম্মেদ, সোহরাব উদ্দিন, স্থানীয় নেতা শহিদুজ্জামান, আবদুল ওহাব প্রমুখ। সম্মেলন পরিচালনা করেন আবদুল মালেক।
সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘যাঁরা স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করেন, তাঁরাই প্রথম গণতন্ত্রকে হত্যা করেছেন। তাঁরা বাকশাল কায়েম করে দেশের সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পুনরুদ্ধার করেন। আজ সেই দলই আবার বাক্স্বাধীনতা হরণ করেছে। আমাদের কোথাও সভা-সমাবেশ করতে দেওয়া হয় না। কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের নামে শত শত মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ঢাকা শহরে অনেক বিএনপি নেতা আছেন, যাঁরা নিজেদের বাড়িঘর ফেলে ভাড়া বাড়িতে বসবাস করেন।’