নতুন বছরে গণতন্ত্র ফিরে পাওয়ার আশা খালেদা জিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নববর্ষ উপলক্ষে গত বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দেন খালেদা জিয়া l ছবি: প্রথম আলো
নববর্ষ উপলক্ষে গত বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দেন খালেদা জিয়া l ছবি: প্রথম আলো

বাংলা নতুন বছরে গণতন্ত্র ফিরে পাওয়ার আশা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি গণতন্ত্রের জন্য সবাইকে ভেদাভেদ ভুলে হাতে হাত রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
গত বৃহস্পতিবার নববর্ষ উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে খালেদা জিয়া এ আহ্বান জানান। তিনি বলেন, ‘আশা করি, নতুন বছরে আমরা গণতন্ত্র ফিরে পাব। দেশের উন্নয়ন হবে, শান্তি আসবে, হত্যা-গুম-নির্যাতন থেকে মানুষ মুক্ত হবে। দেশে প্রতিটি মানুষের দাবি প্রতিষ্ঠিত হবে।’
লাল পাড়ের ক্রিম রঙের সুতির শাড়ি পরে বিকেল সোয়া চারটার দিকে খালেদা জিয়া পয়লা বৈশাখের অনুষ্ঠানে আসেন। এ সময় বিপুলসংখ্যক নেতা-কর্মী নানা স্লোগানে তাঁকে স্বাগত জানান। সংক্ষিপ্ত বক্তব্যে দলের নেতা-কর্মী, দেশবাসী এবং প্রবাসী বাংলাদেশি ও বাংলা ভাষাভাষী মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানান খালেদা জিয়া।
খালেদা জিয়া বলেন, ‘এখন দেশে সবচেয়ে বড় প্রয়োজন গণতন্ত্র ফিরিয়ে আনা। আসুন, আমরা সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সামনের দিকে এগিয়ে যাই। গত বছর অনেক দুঃখ-বেদনা ছিল। সামনে নিশ্চয় শুভদিন আসবে।’
জাসাসের বর্ষবরণের এ অনুষ্ঠানে কণ্ঠশিল্পী বেবী নাজনীন, হাসান চৌধুরী, পিয়াল হাসান, মনির খান, কোহিনুর, পাঁপড়ি, মুন, রেখাসহ সংগঠনের শিল্পীরা ভাটিয়ালি, দেশাত্মবোধক ও মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন। শুরুতে জাতীয় ও পরে দলীয় সংগীত পরিবেশনের পর ‘এসো হে বৈশাখ’ গান শোনান তাঁরা।
জাসাসের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেন। অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।